হাইকোর্ট বিভাগের কোম্পানি ম্যাটার নং-৭১৮/২০২৬ এর মামলা গ্রহণকালীন শুনানি শেষে গত বৃহস্পতিবার (৯ জুলাই) বিচারপতি মো. তৌফিক ইনামের বেঞ্চ এই আদেশ দেন।
আবেদনকারীদের পক্ষে নিয়োজিত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ৩০ জুন ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের উদ্যোক্তা পরিচালক গাজী বেলায়েত হোসেনসহ কোম্পানিটির পাঁচজন পরিচালক বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র কাছে কোম্পানিটির অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, করপোরেট সুশাসন লঙ্ঘন ও আইনভঙ্গের অভিযোগ করেন।
একইসঙ্গে কোম্পানি আইনের ২৩৩ ধারা অনুযায়ী আবেদন ফাইলের মাধ্যমে বিষয়টি মহামান্য হাইকোর্টে নজরে নিয়ে আসেন। সেই আবেদনের শুনানি শেষে আদালত সন্তুষ্ট হয়ে আপাতত আগামী ২৬ অক্টোবরের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করতে আইডিআরএ’কে নির্দেশনা দেন।
মামলার শুনানিতে আদালত সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন, যাতে তারা ব্যাখ্যা দিতে পারেন কেন আবেদনটি গ্রহণ করা হবে না। মামলাটি পরবর্তী শুনানির জন্য ২৭ অক্টোবর ২০২৬ তারিখে কার্যতালিকায় রাখা হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়াই কিছু উদ্যোক্তা পরিচালককে অপসারণ, একই পরিবারের একাধিক সদস্যকে পরিচালনা পর্ষদে যুক্ত করা, অতিরিক্ত শেয়ার ধারণ, কোম্পানির অর্থ ব্যবহারে অনিয়ম, বোর্ড সভা ও মিটিং ফি সংক্রান্ত অসঙ্গতি, আর্থিক প্রতিবেদনে সমস্যা এবং শরিয়াহ কাউন্সিলের কার্যক্রমে ঘাটতির মতো বিষয় রয়েছে।
এছাড়া বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে বিদেশ থেকে ডিজিটাল মাধ্যমে কোম্পানির কার্যক্রম পরিচালনার অভিযোগও আনা হয়েছে। এসব বিষয়ে তদন্ত, পরিচালনা পর্ষদ পুনর্গঠন, অপসারিত উদ্যোক্তা পরিচালকদের পুনর্বহাল এবং ২০১২ থেকে ২০২৬ সাল পর্যন্ত আর্থিক কার্যক্রমের ফরেনসিক অডিটের দাবি জানানো হয়েছে।
তবে আদালত এখনো অভিযোগগুলোর সত্যতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। আইডিআরএর তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে। সংশ্লিষ্ট সব পক্ষ নিজেদের বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।