নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)'র বিশেষ উদ্যোগে চতুর্থ ধাপে ৫ হাজার ৯৭২ গ্রাহকের ২০ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৩০৮ টাকার বীমা দাবি পরিশোধ করা হবে। দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন থাকা বৈধ বীমা দাবি নিষ্পত্তির ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আগামী ৮ নভেম্বর এসব বীমা দাবি পরিশোধ করা হবে।
নিয়ন্ত্রক সংস্থার প্রতিষ্ঠানভিত্তিক বীমা দাবি পরিশোধের বিবরণী থেকে জানা যায়, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৭৪ জন গ্রাহকের ৮ কোটি ৩৭ লাখ টাকা এবং হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩ হাজার ১৬৩ গ্রাহকের অনুকূলে ৫ কোটি ৪ লাখ ১৪ হাজার ৭০৭ টাকা পরিশোধ করা হবে।
একই সাথে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৫০ গ্রাহকের ৫ কোটি টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৩৪৪ জন গ্রাহকের ১ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ৬০১ টাকা এবং বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৪১ গ্রাহকের অনুকূলে ৭ লাখ টাকা প্রদান করা হবে।
আইডিআরএ জানিয়েছে, বীমা গ্রাহকদের দীর্ঘদিনের অনিষ্পন্ন বৈধ দাবি নিষ্পত্তি, গ্রাহকের ন্যায্য পাওনা নিশ্চিতকরণ এবং বীমা খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গ্রাহকের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের টেকসই ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে কর্তৃপক্ষের এই বিশেষ পাওনা পরিশোধ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।