‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

ইউনিলিভারের চার শতাধিক কর্মী ও তাদের পরিবারকে চিকিৎসা বীমা দেবে মেটলাইফ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চার শতাধিক কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের চিকিৎসা বীমা সুবিধা দেবে মেটলাইফ বাংলাদেশ। এ বিষয়ে সোমবার (২৩ নভেম্বর) দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় ইউনিলিভারের কর্মী ও তাদের পরিবারের সদস্যরা হাসপাতালে ভর্তি, চিকিৎসকের পরামর্শ এবং পলিসির আওতাভুক্ত অন্যান্য চিকিৎসা ব্যয়ের সুবিধা পাবেন।

ইউনিলিভারের মতে, দাবি নিষ্পত্তির সক্ষমতা, ডিজিটাল সেবা ও ক্যাশলেস হাসপাতালে ভর্তির সুবিধা বিবেচনায় প্রতিষ্ঠানটি মেটলাইফকে বেছে নিয়েছে।

মেটলাইফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫৩ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করেছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে পরিশোধ করেছে ১ হাজার ৩৮৪ কোটি টাকা। প্রতিষ্ঠানটির দাবি, উভয় সময়েই লাইফ বীমা খাতে সর্বোচ্চ দাবি পরিশোধ করেছে তারা।

ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, কর্মীরাই প্রতিষ্ঠানের সাফল্যের মূল শক্তি। মেটলাইফের সঙ্গে এ অংশীদারত্ব কর্মী ও তাদের পরিবারের স্বাস্থ্য ও কল্যাণের প্রতি প্রতিষ্ঠানের অঙ্গীকারকে আরও জোরালো করবে।

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, চিকিৎসার ব্যয় মেটাতে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সহায়তা কর্মী ও তাদের পরিবারের আর্থিক দুশ্চিন্তা কমাতে পারে। ইউনিলিভার বাংলাদেশের কর্মীদের এ সুবিধা দিতে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে পেরে মেটলাইফ আনন্দিত।

মেটলাইফ বাংলাদেশের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি বর্তমানে প্রায় ১০ লাখ গ্রাহককে বীমা সেবা দিচ্ছে। এ ছাড়া ৯০০টির বেশি প্রতিষ্ঠানের তিন লাখেরও বেশি কর্মী ও তাদের নির্ভরশীল পরিবারের সদস্যরা প্রতিষ্ঠানটির বীমা সুবিধার আওতায় রয়েছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌