পাওনা টাকা ফেরতের দাবিতে ফারইস্ট লাইফের গ্রাহকদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: মেয়াদোত্তীর্ণ বীমা পলিসির টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির শত শত গ্রাহক।
রোববার (৫ জুলাই) রংপুরে ডিসি অফিসের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত তাদের জমাকৃত অর্থ ফেরত পেতে প্রধানমন্ত্রীর ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
বিক্ষোভে অংশ নেয়া গ্রাহকদের বড় অংশই নিম্ন আয়ের মানুষ ও নারী। তাদের অভিযোগ, মাঠপর্যায়ের এজেন্টদের আশ্বাসে ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে তারা দীর্ঘদিন ধরে অর্থ জমা রেখেছিলেন। কেউ দিনমজুরি করেন, কেউ ক্ষুদ্র ব্যবসা বা কৃষিকাজের আয়ে, আবার কেউ দৈনন্দিন প্রয়োজন সীমিত করে এসব অর্থ সঞ্চয় করেছেন।
তাদের অভিযোগ, মেয়াদ পূর্তির পরও টাকা ফেরত দেয়া হচ্ছে না। বরং টাকা চাইতে গেলে কিছু ক্ষেত্রে হয়রানি ও হুমকির মুখে পড়তে হচ্ছে।
একজন বয়স্ক গ্রাহক বলেন, “কষ্ট করে কাজ করে টাকা জমিয়েছি, আমাদের টাকা ফেরত দিতেই হবে।”
অন্যদিকে এক নারী গ্রাহক অভিযোগ করেন, কিছু এজেন্ট ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন।
আন্দোলনকারীরা জানান, এর আগে তারা একাধিকবার মানববন্ধন, প্রেসক্লাবের সামনে সমাবেশ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে কার্যকর কোনো সমাধান না পাওয়ায় তারা আবারও রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
এর আগে সড়ক অবরোধের পর প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে তারা অভিযোগ করেন।
আন্দোলনকারীরা ঘোষণা দিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ ও অনশন কর্মসূচি অব্যাহত থাকবে। প্রয়োজনে তারা আমরণ অনশনে যেতে পারেন বলে হুঁশিয়ারি দেন।
নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির গ্রাহকদের বকেয়া পাওনার পরিমাণ ছিল প্রায় ৩,২২৭ কোটি ৭৩ লাখ টাকা। পরবর্তী সময়ে হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চে এ পরিমাণ দাঁড়ায় প্রায় ৩১০ কোটি ৪৩ লাখ টাকা।



