সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি স্বীকৃতি পেয়েছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির স্বয়ংক্রিয় বীমা দাবি নিষ্পত্তি ব্যবস্থা ‘গার্ডিয়ান এসিপিএস ২.০’ পেয়েছে বীমা উদ্ভাবন পুরস্কার। আর ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ পেয়েছে বিশেষ স্বীকৃতি (অনারেবল মেনশন)।
সম্প্রতি রাজধানীর র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ১৩টি বিভাগে ২১টি উদ্যোগকে স্বীকৃতি দেয়া হয়। এর মধ্যে ১৩টি উদ্যোগ পুরস্কার এবং আটটি বিশেষ স্বীকৃতি পায়।
এসিপিএসের মাধ্যমে বীমা দাবির আবেদন জমা, যাচাই, মূল্যায়ন ও নিষ্পত্তির কাজ পরিচালিত হয়। এতে গ্রাহকেরা অনলাইনে দাবি জমা দেয়ার পাশাপাশি নিষ্পত্তির অগ্রগতি দেখতে পারেন।
গার্ডিয়ান লাইফের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ লাখ ৬১ হাজারের বেশি বীমা দাবি নিষ্পত্তি করেছে। এসব দাবির মোট অর্থের পরিমাণ ৫৫৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৪৩ হাজার ৩২টি দাবি জমা দেয়ার দিনেই নিষ্পত্তি হয়েছে। একই সময়ে ৯৭ শতাংশ দাবি এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার উদ্যোগে কনসার্ট, সম্মেলনসহ বিভিন্ন অনুষ্ঠানের টিকিট বুকিং ও নিবন্ধনের সঙ্গে স্বল্পমেয়াদি দুর্ঘটনা বীমা যুক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১০ টাকা থেকে শুরু হওয়া এ বীমাসেবায় ২৪ ঘণ্টার জন্য দুর্ঘটনাজনিত স্বাস্থ্য ও লাইফ বীমার সুবিধা পাওয়া যায়। পলিসির শর্ত অনুযায়ী সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত বীমা সুরক্ষা দেয়া হয়।
গার্ডিয়ান লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম বলেন, তাদের লক্ষ্য বীমাসেবা আরও সহজলভ্য ও নির্ভরযোগ্য করা। এ ধরনের স্বীকৃতি নতুন প্রযুক্তিনির্ভর বীমাসেবা চালু করতে প্রতিষ্ঠানটিকে উৎসাহিত করবে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।