৮১৬ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৪, ১০:৫৩ পিএম

৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহবাগ থানার মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

নিজস্ব প্রতিবেদক: ৮১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। 

নজরুল ইসলাম আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার উপস্থিতিতে জামিন শুনানি হয়।

বাদীপক্ষের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০২২ সালের সেপ্টেম্বর মাসের শুরুতে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা (নং ১৫(৯)২২) দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, প্রথম ও দ্বিতীয় আসামি এমএ খালেক ও নজরুল ইসলাম বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদে থাকাকালে বিভিন্ন সময়ে এসব সম্পদ ও অর্থ আত্মসাৎ করেছেন যা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ অডিট রিপোর্টে উঠে এসেছে।

আসামিরা বিভিন্ন সময় জাল-জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে প্রায় ৮১৬ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।