সর্বোচ্চ বয়সসীমা থাকছে না আইডিআরএ চেয়ারম্যান-সদস্যদের

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান এবং সদস্যদের সর্বোচ্চ বয়স সীমা তুলে দেয়ার পরিকল্পনা করছে সরকার। এই লক্ষ্যে বিদ্যমান ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’ সংশোধনের একটি প্রস্তাব আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে ৮টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্যদের বয়স সীমা সংশোধন সংক্রান্ত এই প্রস্তাবটি আলোচনার তালিকায় রয়েছে।
বর্তমান আইন অনুযায়ী, আইডিআরএ’র চেয়ারম্যানের সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা আছে ৬৭ বছর। অর্থাৎ ৬৭ বছর পূর্ণ হলে কোনো ব্যক্তি এই পদে থাকার যোগ্য হন না। তবে এই আইনি বাধ্যবাধকতা বা 'বার' সরিয়ে দেয়ার প্রস্তাব করা হচ্ছে, যাতে অভিজ্ঞ ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে কোনো বয়স সীমা বাধা হয়ে না দাঁড়ায়।
সূত্রটি আরও জানিয়েছে, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন দেশের বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থার আইন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। অনেক দেশেই এই গুরুত্বপূর্ণ পদের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। অর্থ মন্ত্রণালয় থেকে মন্ত্রিসভায় যে সারসংক্ষেপ পাঠানো হয়েছে, সেখানে সর্বোচ্চ বয়সসীমা পুরোপুরি তুলে দেয়ার সুপারিশ করা হয়েছে।
দেশের বীমা খাতকে আরো শক্তিশালী ও গতিশীল করার অংশ হিসেবে এই কাঠামোগত পরিবর্তনের পদক্ষেপ নেয়া হচ্ছে। আইনটি সংশোধন হলে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’তে পূর্ণ মেয়াদে নতুন চেয়ারম্যান নিয়োগের পথ প্রশস্ত হবে। বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়ে পরিচালিত হচ্ছে।
অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আজ মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন পেলে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে এটি চলতি সংসদ অধিবেশনেই পাস হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হবে, তার প্রেক্ষিতেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।



