আন্তর্জাতিক বীমা ডেস্ক: ফ্রান্সের প্রায় ৭০০টি সুপারমার্কেট ও অন্যান্য খাদ্যবিক্রয়কেন্দ্র সাইবার হামলার শিকার হয়েছে। হামলায় ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দেয়ায় কয়েক টন খাবার নষ্ট হয়েছে। তবে এই ক্ষতির জন্য বীমা ক্ষতিপূরণ পাওয়া যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গত ১১ অক্টোবর রাত থেকে ১২ অক্টোবর সকাল পর্যন্ত হামলাকারীরা ইন্টারনেটের মাধ্যমে ফ্রিজ ও ফ্রিজারের তাপমাত্রা নিয়ন্ত্রণব্যবস্থায় প্রবেশ করে। এরপর বরফ গলানোর ব্যবস্থা দীর্ঘ সময় চালু রাখে। এতে কিছু ফ্রিজের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কয়েকটি স্থানে আগুনও লাগে।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি'র তথ্য অনুযায়ী, দেশটির আলসাস অঞ্চলের দুটি সুপারমার্কেটে নষ্ট হওয়া পণ্যের ক্ষতির পরিমাণ ২ লাখ ৭০ হাজার ইউরো।
ফ্রান্সের সুপারমার্কেট চেইন ইন্টারমার্শের পরিচালনাকারী লে মুসকেতেয়ার গ্রুপের প্রেসিডেন্ট থিয়েরি কোটিয়ার জানিয়েছেন, সারা দেশে এই হামলায় কয়েক কোটি ইউরোর ক্ষতি হতে পারে।
সোমবার (৯ নভেম্বর) ফ্রান্সের কর্মকর্তারা হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে যুক্ত একটি সাইবার ইউনিটকে দায়ী করেন। তবে ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
১৫ অক্টোবর বার্তা সংস্থা রয়টার্সকে চারজন বীমা ব্রোকার জানান, সাধারণ সাইবার বীমায় হামলার তদন্তসহ কিছু আর্থিক ব্যয়ের ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। তবে খাবার বা অন্য পণ্য নষ্ট হওয়ার ক্ষতি সাধারণত এই বীমার আওতায় থাকে না।
ইন্টারমার্শে জানিয়েছে, তাদের বীমায় এ ধরনের ক্ষতির সুরক্ষা নেই। অন্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর বীমা দাবির বিপরীতে কত টাকা পরিশোধ করা হয়েছে, তার নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বীমা ব্রোকার প্রতিষ্ঠান লকটন জানিয়েছে, সাধারণ সম্পত্তি বীমায় সাইবার হামলার কারণে হওয়া ক্ষতি বাদ দেয়ার শর্ত থাকতে পারে। অন্যদিকে সাধারণ সাইবার বীমায়ও পণ্য নষ্ট হওয়ার ক্ষতি বাদ থাকতে পারে। ফলে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষতিপূরণ পাওয়া নির্ভর করবে বীমার শর্তের ওপর।
বীমা পরামর্শক প্রতিষ্ঠান ডব্লিউটিডব্লিউ জানিয়েছে, বিশেষ সাইবার বীমায় নষ্ট হওয়া পণ্যের মূল্য, ব্যবসায় মুনাফা কমে যাওয়া এবং ক্ষতি কমাতে হওয়া অতিরিক্ত খরচের ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে বীমার চুক্তির শর্ত প্রযোজ্য হবে।
ক্ষতিপূরণে আরেকটি জটিলতা হলো রাষ্ট্রের সহায়তায় হামলা চালানোর অভিযোগ। লন্ডনভিত্তিক লয়েডস'র নির্দেশনায় রাষ্ট্রসমর্থিত কিছু সাইবার হামলার ক্ষতি বীমার আওতা থেকে বাদ দেয়ার শর্ত রয়েছে। তবে শুধু অভিযোগ উঠলেই সব বীমা দাবি বাতিল হয়ে যায়, এমন নয়।
ফ্রান্সের পাশাপাশি ইউরোপের আরও কয়েকটি দেশে একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। বীমা খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এসব ঘটনার কারণে ভবিষ্যতে সাইবার বীমার খরচ বাড়তে পারে। একই সঙ্গে পণ্য নষ্ট হওয়ার ক্ষতি অন্তর্ভুক্ত করে বিশেষ বীমার চাহিদাও বাড়তে পারে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।