ব্যাংক, বীমা ও ব্যাংকাস্যুরেন্স: সঞ্চয় থেকে সুরক্ষার গল্প

নাদিরা ইসলাম, এমএএস: একটি ছোট শহরের বাসিন্দা নাছিম বহু বছর পরিশ্রম করে কিছু টাকা সঞ্চয় করেছেন এবং তা একটি ব্যাংকে রেখেছেন। তবে, একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য টাকা প্রয়োজন হয়। তখনই সে বুঝতে পারে, শুধুমাত্র ব্যাংকে টাকা রাখা যথেষ্ট নয়, প্রয়োজন বীমারও। ব্যাংক শুধু অর্থ রাখার জায়গা নয়, এটি মানুষের স্বপ্ন এবং নিরাপত্তার জায়গা, আর বীমা সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়। আর যখন এই দুই সেবা একসঙ্গে পাওয়া যায়, তখন আসে ‘ব্যাংকাস্যুরেন্স’।
ব্যাংক, বীমা এবং ব্যাংকাস্যুরেন্সের সম্পর্ক
ব্যাংক টাকা রাখে, বীমা নিরাপত্তা দেয় এবং ব্যাংকাসুরেন্স এই দুই সেবা এক সুতোয় গাঁথে। তবে, এই সেবাগুলো তখনই কার্যকর হয় যখন মানুষের মধ্যে আস্থা থাকে। সেই আস্থা আরও মজবুত করার জন্য, আর্থিক প্রতিষ্ঠান ও বীমা উন্নয়ন কর্তৃপক্ষ কর্পোরেট এজেন্ট হিসেবে ব্যাংকের মাধ্যমে বীমা পণ্য বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করেছে। এর মাধ্যমে, ব্যাংক ও বীমাকারীর যৌথ প্রচেষ্টায় গ্রাহকরা দ্রুত এবং নির্ভরযোগ্য বীমা সেবা গ্রহণ করতে পারছেন এবং জনাব নাছিমের মতো সাধারণ মানুষদের জন্য স্বাস্থ্য এবং জীবনের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত হচ্ছে।
ব্যাংক, বীমা এবং ব্যাংকাস্যুরেন্সের গুরুত্ব
ব্যাংক, বীমা এবং ব্যাংকাস্যুরেন্স এই তিনটি খাত একে অপরের পরিপূরক। সঠিক নীতিমালা, স্বচ্ছতা এবং গ্রাহক-কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি থাকলে, এই খাতগুলো অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ। ব্যাংক আমাদের সঞ্চয়কে রক্ষা করে, আর বীমা আমাদের ভবিষ্যৎকে নিরাপদ করে। ব্যাংকাস্যুরেন্স এই দুইয়ের মাধ্যমে একটি সুরক্ষা সেতু তৈরি করেছে, যা অসংখ্য সাধারণ মানুষকে আর্থিক সুরক্ষার নিশ্চয়তা দিচ্ছে এবং বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
বিশ্বাস ও আস্থা: সুরক্ষার মূল চাবিকাঠি
নাছিমের মতো অসংখ্য মানুষের জীবন এখন এই তিনটি শব্দ- 'ব্যাংক, বীমা এবং ব্যাংকাস্যুরেন্স'-এর মধ্যে সীমাবদ্ধ। এই তিনটি খাত শুধু অর্থনৈতিক পরিভাষা নয়, এখন এগুলো হয়ে উঠেছে নিশ্চিন্ত ঘুমের প্রতিশ্রুতি। বীমা, যেন জীবনের অজানা ঝড়ের বিরুদ্ধে একটি মজবুত ছাতা। নিয়মিত কিছু প্রিমিয়াম ব্যাংকের (কর্পোরেট এজেন্ট) সহযোগিতায় জমা দিয়ে, যে কেউ ভবিষ্যতের অনিশ্চয়তাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনতে পারে।
অতএব, আধুনিক অর্থনীতিতে ব্যাংক, বীমা এবং ব্যাংকাস্যুরেন্স একসাথে মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে। এই সেবা সমন্বয়ে মানুষ পাচ্ছে আর্থিক সুরক্ষা, নিরাপত্তা এবং স্বপ্ন পূরণের একটি সুন্দর পথ।
বীমার মাধ্যমেই একমাত্র আপনি পাবেন সঞ্চয় এবং সুরক্ষা। সুরক্ষিত থাকুন, জীবনকে উপভোগ করুন।
লেখক: সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব একচ্যুয়ারিয়াল ফাংশন, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।



