সিআরপি ও মেটলাইফ ফাউন্ডেশনের সহায়তায় ৪০ বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে প্রশিক্ষণ
.jpg)
সংবাদ বিজ্ঞপ্তি: সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি) এবং মেটলাইফ ফাউন্ডেশন যৌথভাবে ৪০ জন বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ, সার্টিফিকেশন এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে।
এই উদ্যোগটি ২০২৫ সালে চালু হওয়া ‘জাগরণ’ কর্মসূচির অংশ, যার লক্ষ্য দক্ষতা উন্নয়নের মাধ্যমে অংশগ্রহণকারীদের টেকসই জীবিকা অর্জনে সহায়তা করা।
কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিকস ও মোবাইল ফোন সার্ভিসিং এবং পোশাক তৈরি ও টেইলরিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের পাশাপাশি বাস্তব জীবনে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় সহায়তাও প্রদান করা হচ্ছে, যা দক্ষতা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান কমাতে সহায়তা করছে।
সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা দক্ষতা অর্জনের পাশাপাশি আয়মুখী কর্মকাণ্ড শুরু করার সুযোগ পাচ্ছেন, যা তাদের দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে সহায়তা করবে।
আগামী কয়েক মাসে আরও ১১০ জন অংশগ্রহণকারীকে একই ধরনের প্রশিক্ষণ ও সহায়তা দেয়া হবে বলে জানানো হয়েছে।
প্রশিক্ষণকালীন সময়ে সিআরপি অংশগ্রহণকারীদের জন্য সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও সুগম পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ও থেরাপি সেবা প্রদান করছে।
এই উদ্যোগ মেটলাইফ ফাউন্ডেশনের অন্তর্ভুক্তিমূলক সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যের অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।



