সংবাদ ডেস্ক: এক গ্লাস দুধ, একটি বিছানা এবং একটি বিষধর সাপ। এই তিনটি উপাদানকে ঘিরেই ভারতের উত্তর প্রদেশের মিরাটে সামনে এসেছে এক শিহরণ জাগানো হত্যাকাণ্ডের ঘটনা।
পুলিশ বলছে, স্বামীর ২০ লাখ রুপির লাইফ বীমার অর্থ হাতিয়ে নিতে স্ত্রী ও তার প্রেমিক এমন একটি পরিকল্পনা করেন, যাতে মৃত্যুকে স্বাভাবিক সাপের কামড় বলে মনে হয়।
কিন্তু তদন্ত যত এগোয়, ততই সামনে আসে নতুন নতুন তথ্য। ডিজিটাল আলামত, ফরেনসিক পরীক্ষার তথ্য, কল রেকর্ড এবং অবস্থানসংক্রান্ত তথ্য পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। পুলিশের তদন্তে উঠে এসেছে, লাইফ বীমার অর্থ পাওয়ার সম্ভাবনাই ছিল এই হত্যার অন্যতম আর্থিক উদ্দেশ্য। ঘটনাটি শুধু একটি পারিবারিক হত্যাকাণ্ডের অভিযোগ নয়; এটি আবারও সামনে এনেছে লাইফ বীমা-সংক্রান্ত প্রতারণার ঝুঁকি এবং সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে বীমা দাবি যাচাইয়ের গুরুত্ব।
পুলিশের তথ্যমতে, নিহত অতুল পানওয়ার (৩৫) ও স্ত্রী দামিনী পানওয়ারের বিয়ে হয় ২০১৯ সালে। তারা মিরাটের হস্তিনাপুর এলাকায় ‘কৃষ্ণা কিডস পাবলিক স্কুল’ পরিচালনা করতেন। পুলিশি তদন্তে উঠে এসেছে, স্কুলের গাড়িচালক তুষার ওরফে নিকির সঙ্গে দামিনীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। পুলিশের অভিযোগ, স্বামীকে সরিয়ে দিয়ে একসঙ্গে নতুন জীবন শুরু করার পরিকল্পনা ছিল তাদের। একই সঙ্গে অতুলের ২০ লাখ রুপির লাইফ বীমার অর্থ পাওয়াও ছিল পরিকল্পনার উদ্দেশ্য।
তদন্তকারীদের ভাষ্য, ঘটনার রাতে অতুলের দুধে অতিরিক্ত মাত্রায় ঘুমের ওষুধ মিশিয়ে দেয়া হয়। তিনি অচেতন হয়ে পড়লে তুষার আরও দুই সহযোগীকে নিয়ে বাড়িতে আসে। এরপর একটি বিষধর সাপ অতুলের কম্বলের ভেতরে ছেড়ে দেয়া হয়। সাপের কামড়ে তার মৃত্যু হয়।
পরদিন সকালে ঘটনাটি স্বাভাবিক সাপের কামড়ে মৃত্যু বলেই দাবি করা হয়। শুরুতে সেটিই মনে হয়েছিল। তবে নিহতের পরিবারের সন্দেহের পর তদন্তের মোড় ঘুরে যায়। মোবাইল ফোনের কল রেকর্ড, অবস্থানসংক্রান্ত তথ্য এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য বিশ্লেষণ করে পুলিশ পরিকল্পিত হত্যার অভিযোগের সূত্র খুঁজে পায়। এ ঘটনায় স্ত্রী, প্রেমিক এবং আরও দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তে আরও জানা গেছে, এটি হত্যার প্রথম চেষ্টা ছিল না। এর প্রায় ২০ দিন আগে সড়ক দুর্ঘটনা ঘটিয়ে অতুলকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি হেলমেট পরা থাকায় প্রাণে বেঁচে যান। এরপর নতুন পরিকল্পনা হিসেবে বিষধর সাপ ব্যবহার করা হয়। পুলিশ জানিয়েছে, দুই সহযোগীকে বীমার অর্থ থেকে পাঁচ লাখ রুপি করে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল। সাপ সংগ্রহের জন্য অগ্রিম অর্থও দেয়া হয় বলে তদন্তে উঠে এসেছে।
এখন পর্যন্ত তদন্তে জানা গেছে, অতুলের নামে ২০ লাখ রুপির একটি লাইফ বীমা পলিসি ছিল। তবে কোন বীমা কোম্পানির পলিসি, কবে নেয়া হয়েছিল, নমিনি কে ছিলেন কিংবা মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে বীমা দাবি করা হয়েছিল কি না- এসব তথ্য এখনো প্রকাশ করেনি পুলিশ।
বীমা বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনক মৃত্যু হলে শুধু মৃত্যু সনদের ভিত্তিতে অর্থ পরিশোধ করা হয় না। বীমা কোম্পানি মৃত্যু সনদ, হাসপাতালের নথি, ময়নাতদন্তের প্রতিবেদন, ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন, পুলিশ তদন্ত, কল রেকর্ড, বিষতত্ত্ব পরীক্ষার প্রতিবেদন এবং আদালতের নথিসহ একাধিক তথ্য যাচাই করে। তদন্ত ও আদালতের রায়ে যদি পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ মেলে, তাহলে সংশ্লিষ্ট বীমা দাবি বাতিল হতে পারে। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তি বীমার অর্থ পাওয়ার আইনগত অধিকারও হারাতে পারেন।
ঘটনাটি এমন সময় সামনে এলো, যখন ভারতের বীমা শিল্প দ্রুত সম্প্রসারিত হচ্ছে। আইআরডিএআই-এর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশটির বীমা শিল্পের আকার ছিল প্রায় ১৪১ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে দেশে ২৪টি লাইফ বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। রাষ্ট্রায়ত্ত এলআইসি একাই লাইফ বীমা খাতের প্রায় ৫৭ শতাংশ নিয়ন্ত্রণ করে।
তবে খাত যত বড় হচ্ছে, প্রতারণার ঝুঁকিও তত বাড়ছে। বিভিন্ন গবেষণা অনুযায়ী, ভারতে বীমা প্রতারণার কারণে প্রতি বছর প্রায় ৬ থেকে ৬ দশমিক ২৫ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়। বিশ্বব্যাপী এই ক্ষতির পরিমাণ ৩০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি।
এই প্রেক্ষাপটে ভারতের বীমা নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ ২০২৫ সালে নতুন প্রতারণা পর্যবেক্ষণ কাঠামো (ফ্রড মনিটরিং ফ্রেমওয়ার্ক) চালু করেছে। এটি ২০২৬ সাল থেকে কার্যকর হয়েছে। নতুন কাঠামোতে বীমা কোম্পানিগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, তথ্য বিশ্লেষণ, নেটওয়ার্ক বিশ্লেষণ এবং ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ ব্যবহার করে সন্দেহজনক বীমা দাবি শনাক্তের নির্দেশনা দেয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, মিরাটের এই ঘটনা দেখিয়ে দিয়েছে, শুধু কাগজপত্র যাচাই যথেষ্ট নয়। প্রযুক্তিনির্ভর তদন্ত, ফরেনসিক বিশ্লেষণ এবং পুলিশ ও বীমা কোম্পানির মধ্যে দ্রুত তথ্য বিনিময়ই ভবিষ্যতে এ ধরনের প্রতারণা প্রতিরোধে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।