ফারইস্ট ইসলামী লাইফের নতুন পলিসি বিক্রি বন্ধ, গ্রাহকের দাবি পরিশোধে আইডিআরএ’র ৭ নির্দেশনা

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৬, ১০:১২ পিএম

নিজস্ব প্রতিবেদক: ফারইস্ট ইসলামী লাইফের গ্রাহকদের বীমা দাবি পরিশোধ, নতুন পলিসি বিক্রি বন্ধ করে দেয়াসহ ৭টি নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। গত ১৩ জুলাই এসব নির্দেশনা দেয় নিয়ন্ত্রক সংস্থা।

আইডিআরএ’র নির্দেশনা অনুসারে, আগামী ১ আগস্ট ২০২৬ থেকে নতুন কোনো পলিসি বিক্রি করতে পারবে না কোম্পানিটি।

আইডিআরএ’র দেয়া ৭ নির্দেশনা

নতুন পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা: আগামী ১ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোম্পানিটি কোনো ধরনের নতুন পলিসি (প্রথম বর্ষ) বিক্রি করতে পারবে না। এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ফেনীর জমি বিক্রি করে দাবি পরিশোধ: ফেনীতে থাকা কোম্পানির জমি দ্রুত বিক্রি করে গ্রাহকদের পাওনা মেটাতে হবে। স্বচ্ছতা নিশ্চিত করতে অডিট ফার্ম ‘আশরাফ উদ্দিন এন্ড কোং’-এর মাধ্যমে জমি বিক্রির টাকা একটি সম্পূর্ণ পৃথক ব্যাংক হিসাবে রাখতে হবে। এরপর অডিট ভেরিফিকেশনের মাধ্যমে প্রস্তুতকৃত টপশিট আইডিআরএ থেকে অনুমোদন করিয়ে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে গ্রাহকদের টাকা বুঝিয়ে দিতে হবে।

বন্ড ভেঙে জরুরি দাবি মেটানো: কোম্পানির সিকিউরিটিজ বন্ডে জমা থাকা ৬ কোটি টাকা আগামী ৭ কর্মদিবসের মধ্যে নগদায়ন করতে হবে। এই টাকা দিয়ে অতি গুরুত্বপূর্ণ বীমা দাবি এবং কর্তৃপক্ষের কাছে জমা পড়া অভিযোগগুলো নিষ্পত্তি করতে হবে।

সম্পদের নতুন মূল্যায়ন: কোম্পানির মালিকানাধীন অন্যান্য সব জমি ও ভবন আগামী ১ মাসের মধ্যে সম্পূর্ণ নতুন করে মূল্যায়ন করতে হবে। জমি কেনার সময়কার মূল্যের সঙ্গে বর্তমান মূল্যের তুলনামূলক বিশ্লেষণ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে।

অন্যান্য সম্পত্তি বিক্রি: গুলশান, কাকরাইল, রাজশাহী, রংপুর, বরিশাল এবং সিলেটে কোম্পানির যেসব জমি ও ভবন রয়েছে, তা দ্রুত বিক্রয় নীতিমালা মেনে বিক্রি করার ব্যবস্থা করতে হবে।

১,০০০ কোটি টাকা পরিশোধের পরিকল্পনা: ২০২৬ সালের মধ্যে গ্রাহকদের ১,০০০ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করার জন্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আগামী ১০ আগস্ট ২০২৬-এর মধ্যে আইডিআরএকে জানাতে হবে।

বাকি টাকা পরিশোধ ও ব্যয় কমানোর রূপরেখা: কোম্পানির অবশিষ্ট ২,৩১০ কোটি টাকার বীমা দাবি কীভাবে পরিশোধ করা হবে এবং কোম্পানির মাত্রাতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয় কীভাবে কমানো হবে, সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে কর্তৃপক্ষকে জমা দিতে হবে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।