ইন্স্যুরেন্স নিউজ বিডি ডেস্ক: খরার কারণে খাদ্যসংকট তীব্র হওয়ার আগেই সহায়তার অর্থ জোগাতে খাদ্যনিরাপত্তায় প্রথম ক্যাটাস্ট্রফি বন্ড চালুর পরিকল্পনা করছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ২০২৭ সালে বন্ডটি চালু করে ৭ কোটি ৫০ লাখ থেকে ১০ কোটি ডলারের আগাম অর্থায়নের ব্যবস্থা করতে চায় সংস্থাটি।
২০ নভেম্বর প্রকাশিত ডব্লিউএফপি'র ‘গ্লোবাল আউটলুক ২০২৭’ অনুযায়ী, বন্ডটির আওতায় আফ্রিকার তিন দেশ- মালি, মোজাম্বিক ও সোমালিয়াকে রাখার পরিকল্পনা রয়েছে। এতে খরার ঝুঁকিতে থাকা সর্বোচ্চ ২৫ লাখ মানুষকে সুরক্ষা দেয়ার আশা করছে সংস্থাটি।
ক্যাটাস্ট্রফি বন্ডের মাধ্যমে দুর্যোগের আর্থিক ঝুঁকির একটি অংশ বহন করেন বিনিয়োগকারীরা। তারা বন্ড কিনে অর্থ দেন এবং বিনিময়ে সুদ পান। বন্ডের মেয়াদে দুর্যোগের জন্য আগে থেকে ঠিক করা শর্ত পূরণ হলে বিনিয়োগের কিছু অংশ বা পুরোটাই হারাতে পারেন তারা। সেই অর্থ দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত হয়। শর্ত পূরণ না হলে মেয়াদ শেষে মূল অর্থ ফেরত পান বিনিয়োগকারীরা।
সাধারণত ভূমিকম্প ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি মোকাবিলায় এ ধরনের বন্ড ব্যবহৃত হয়। বীমা ও পুনর্বীমাবিষয়ক সংবাদমাধ্যম আর্টেমিসের ২৫ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে সরাসরি খরার ঝুঁকি মোকাবিলায় এটি হবে প্রথম ক্যাটাস্ট্রফি বন্ড। জাতিসংঘের কোনো সংস্থাকে সরাসরি বীমা সুরক্ষা দেয়ার ক্ষেত্রেও এটি হবে প্রথম।
বিশ্বব্যাংকের সহযোগিতা ও লুক্সেমবার্গ সরকারের আর্থিক সহায়তায় বন্ডটি তৈরির কাজ চলছে। আর্টেমিসের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ঝুঁকির হিসাব করা হয়েছে। আইনি পরামর্শের জন্য আগ্রহপত্রও চেয়েছে ডব্লিউএফপি। বিশ্বব্যাংক বন্ডটি ছাড়তে পারে, তবে তা চূড়ান্ত নয়। আগে ২০২৬ সালের শেষ নাগাদ বন্ডটি ছাড়ার লক্ষ্য ছিল।
বৈশ্বিক খাদ্যসংকট প্রতিবেদনের হিসাবে, ২০২৫ সালে ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে ছিল। সংঘাত, অর্থনৈতিক সংকট ও চরম আবহাওয়া এর প্রধান কারণ। ২০২৭ সালে ৯ কোটি ১০ লাখ মানুষকে সহায়তা দিতে ডব্লিউএফপি'র প্রয়োজন ১ হাজার ২১৫ কোটি ডলার।
অর্থের ঘাটতিতে সবচেয়ে বিপন্ন মানুষদের সহায়তায় অগ্রাধিকার দিতে হচ্ছে ডব্লিউএফপিকে। বন্ডটি চালু হলে শুধু অনুদানের ওপর নির্ভর না করে নির্ধারিত শর্তে দ্রুত অর্থ পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
ডব্লিউএফপি'র মতে, দুর্যোগের আগে ব্যবস্থা নিতে এক ডলার ব্যয় করলে ক্ষয়ক্ষতি এড়ানোসহ সর্বোচ্চ সাত ডলারের সমান সুফল পাওয়া যেতে পারে। তবে সব ক্ষেত্রে ফল এক নয়। ২০২৬ সালে এ ধরনের আগাম পদক্ষেপ ও অর্থায়নের ব্যবস্থা ৪০টি দেশের ৫৭ লাখ মানুষকে আর্থিক সুরক্ষা দিয়েছে।
ডব্লিউএফপি'র ২০২৭ সালের মোট অর্থের চাহিদার তুলনায় বন্ডটির সম্ভাব্য সর্বোচ্চ অর্থায়ন এক শতাংশেরও কম। বন্ডের মেয়াদ, ব্যয় ও অর্থ ছাড়ের নির্দিষ্ট শর্ত এখনো স্পষ্ট নয়। এসব শর্ত পূরণ না হলে খরায় ক্ষতি হলেও অর্থ না পাওয়ার ঝুঁকি থাকতে পারে।
উদ্যোগটি সফল হলে আন্তর্জাতিক বীমা ও পুনর্বীমা খাতে খরার ঝুঁকি মোকাবিলার সুযোগ বাড়তে পারে। ক্যাটাস্ট্রফি বন্ড বীমাসংযুক্ত সিকিউরিটিজের (আইএলএস) একটি ধরন, অর্থাৎ বীমাঝুঁকির সঙ্গে যুক্ত বিনিয়োগপত্র। এ ধরনের বিনিয়োগের মাধ্যমে মানবিক সহায়তায় বেসরকারি অর্থায়ন বাড়ানোর পথ খুলতে পারে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।