‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

আমিরাতে অঙ্গ প্রতিস্থাপন ও পরবর্তী চিকিৎসার খরচ দেবে বীমা কোম্পানি

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০১ পিএম

আন্তর্জাতিক বীমা সংবাদ: অঙ্গ প্রতিস্থাপনের বহু বছর পর জটিলতা দেখা দিলেও তার চিকিৎসার খরচ দিতে হবে বীমা কোম্পানিকে। সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক দেশটির সব স্বাস্থ্য বীমা কোম্পানিকে এ নির্দেশ দিয়েছে। নতুন নিয়মে যিনি অঙ্গ গ্রহণ করেছেন, তার পাশাপাশি অঙ্গদাতার চিকিৎসার খরচও বীমার আওতায় থাকবে।

২০২৩ সালের অঙ্গদান ও অঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত ফেডারেল আইন এবং ২০২৬ সালের মন্ত্রিসভার ৬১ নম্বর সিদ্ধান্তে জারি করা বিধিমালার ভিত্তিতে এ নিয়ম করা হয়েছে। বিধিমালাটি ৩০ এপ্রিল ২০২৬ সরকারি গেজেটে প্রকাশিত হয়। বীমা কোম্পানিগুলোকে প্রস্তুতির জন্য ছয় মাস সময় দেয়া হয়। বাধ্যতামূলক বীমা সুবিধা ৩১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হয়েছে।

নিয়ম অনুযায়ী, জীবিত বা মৃত ব্যক্তির দেহ থেকে অঙ্গ বা টিস্যু সংগ্রহ, অস্ত্রোপচারের আগে প্রয়োজনীয় পরীক্ষা এবং অঙ্গ প্রতিস্থাপনের খরচ বীমা কোম্পানিকে দিতে হবে। অস্ত্রোপচারের পর প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা ও চিকিৎসার খরচও এর আওতায় থাকবে। শরীর নতুন অঙ্গটি গ্রহণ না করলে বা অন্য জটিলতা দেখা দিলে তার চিকিৎসার খরচও দিতে হবে। জটিলতা কখন দেখা দিয়েছে, শুধু সে কারণে চিকিৎসার খরচ বাদ দেয়া যাবে না।

এই নিয়ম আমিরাতে চালু থাকা সব স্বাস্থ্য বীমা ব্যবস্থায় প্রযোজ্য। তবে জটিলতার চিকিৎসায় সময়সীমা না থাকার অর্থ এই নয় যে একটি বীমা পলিসি আজীবন চালু থাকবে।

নতুন নিয়মের আগে দুবাইয়ের একটি স্বাস্থ্য বীমা পরিকল্পনায় অঙ্গ গ্রহণকারী ব্যক্তির চিকিৎসার জন্য সর্বোচ্চ এক লাখ দিরহাম পর্যন্ত সুবিধা ছিল। তবে অঙ্গদাতার চিকিৎসার খরচ ওই পরিকল্পনায় অন্তর্ভুক্ত ছিল না।

আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ‘হায়াত’ কর্মসূচিতে ১ হাজার ৭৮০টি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯২৪টি কিডনি ও ৫০২টি লিভার। ২০২৫ সালে আগের বছরের তুলনায় অঙ্গ প্রতিস্থাপনের সংখ্যা ৩১ শতাংশ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের ২০২৫ সালের পরিসংখ্যান অনুযায়ী, আমিরাতে স্বাস্থ্য বীমার মোট প্রিমিয়ামের পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৬৪২ কোটি দিরহাম। প্রিমিয়াম হলো বীমা সুরক্ষার জন্য গ্রাহকের দেয়া অর্থ। দেশটির মোট বীমা প্রিমিয়ামের ৪৮ দশমিক ৭ শতাংশ এসেছে স্বাস্থ্য বীমা থেকে। আগের বছরের তুলনায় এ খাতে প্রিমিয়ামের পরিমাণ বেড়েছে ১৬ দশমিক ৩ শতাংশ।

নতুন নিয়মে বীমা কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ বহনের দায়িত্ব বাড়তে পারে। তবে এতে কোম্পানিগুলোর অতিরিক্ত কত খরচ হবে বা গ্রাহকদের বীমার প্রিমিয়াম বাড়বে কি না, সে বিষয়ে নির্দিষ্ট হিসাব প্রকাশ করা হয়নি।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌