আবদুর রহমান আবির: গত এক দশকে দেশে জনসংখ্যা ও কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে। কিন্তু একই সময়ে কমেছে বীমা গ্রাহক। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে দেশে লাইফ ও নন-লাইফ বীমা মিলিয়ে বীমাকৃত মানুষের সংখ্যা কমেছে প্রায় ৪০ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ১৬ কোটি ১০ লাখ। গত এক দশকে তা বেড়ে প্রায় ১৭ কোটি ৮০ লাখ হয়েছে। একই সময়ে ১৫ থেকে ৬৪ বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যাও বেড়েছে। এক দশক আগে এ জনগোষ্ঠীর সংখ্যা ছিল প্রায় ১০ কোটি ৩৫ লাখ, যা বর্তমানে প্রায় ১১ কোটি ৫০ লাখ। এ ছাড়া ২০১৬-১৭ অর্থবছরে দেশের শ্রমশক্তির আকার ছিল প্রায় সাড়ে ৬ কোটি। বর্তমানে তা বেড়ে প্রায় সাড়ে ৭ কোটি হয়েছে।
অন্যদিকে, আইডিআরএ'র তথ্য অনুযায়ী, ২০১৮ সালে লাইফ ও নন-লাইফ বীমা মিলিয়ে দেশে বীমাকৃত মানুষের সংখ্যা ছিল প্রায় ১ কোটি ৩৬ লাখ। ২০২৪ সালের শেষে তা কমে দাঁড়ায় ৮২ লাখ ২০ হাজারে।
একই সময়ে কমেছে লাইফ বীমার চালু পলিসির সংখ্যাও। নতুন পলিসি বিক্রির তুলনায় পুরোনো পলিসি বাতিল বা তামাদি হওয়ার প্রবণতা বেড়ে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।
দেশের অর্থনীতিতে বীমা খাতের অংশগ্রহণও কমেছে। জিডিপির তুলনায় বীমা খাতের মোট প্রিমিয়ামের অনুপাত, অর্থাৎ পেনিট্রেশন রেট, ২০১৮ সালে ছিল শূন্য দশমিক ৫৫ শতাংশ। ২০২৪ সালে তা কমে শূন্য দশমিক ৩৬ শতাংশে দাঁড়ায়। ২০২৫ সালে এ হার আরও কমে শূন্য দশমিক ৩৪ শতাংশ হয়েছে। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বীমা পেনিট্রেশন রেট অন্যতম কম।
কেন কমছে বীমা গ্রাহক
খাতসংশ্লিষ্টদের মতে, বীমা গ্রাহক কমার অন্যতম প্রধান কারণ কোম্পানিগুলোর প্রতি মানুষের আস্থার সংকট। মেয়াদপূর্তি বা দুর্ঘটনার পর বীমা দাবি পরিশোধে বিলম্বের কারণে গ্রাহকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এ ছাড়া গ্রাহককে পলিসির শর্ত সম্পর্কে যথাযথ তথ্য না দেয়া এবং প্রিমিয়াম দেয়ার সক্ষমতা যাচাই না করায় অনেক পলিসি তামাদি হয়ে যাচ্ছে।
বীমা পণ্য ও বিপণন ব্যবস্থার সীমাবদ্ধতাও গ্রাহক কমার আরেকটি কারণ। সাধারণ ও নিম্ন আয়ের মানুষের উপযোগী সাশ্রয়ী বীমা পণ্যের অভাব রয়েছে। পাশাপাশি বিপণন ব্যবস্থা এখনো মূলত এজেন্টনির্ভর। ডিজিটাল মাধ্যম ও ব্যাংকাস্যুরেন্সের মতো বিকল্প ব্যবস্থার প্রসারও সীমিত। এ ছাড়া বীমা সম্পর্কে সাধারণ মানুষের সচেতনতার অভাব খাতটির সম্প্রসারণে বাধা তৈরি করছে।
দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা বাড়ায় বীমা খাতের সম্প্রসারণের সুযোগ রয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা এবং সহজ ও সাশ্রয়ী বীমা পণ্য চালু করতে পারলে এই জনগোষ্ঠীকে বীমার আওতায় আনা সম্ভব।
বীমা খাতের বর্তমান চিত্র
দেশের বীমা খাতে বর্তমানে ৮২টি কোম্পানি ব্যবসা পরিচালনা করছে। এর মধ্যে লাইফ বীমা কোম্পানি ৩৬টি এবং নন-লাইফ বীমা কোম্পানি ৪৬টি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সরকারি কোম্পানি দুটি হলো জীবন বীমা করপোরেশন ও সাধারণ বীমা করপোরেশন।
আইডিআরএ'র তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বীমা খাতে মোট গ্রস প্রিমিয়ামের পরিমাণ ছিল ১৯ হাজার ৪৮৫ কোটি ৩০ লাখ টাকা। এর মধ্যে লাইফ বীমা খাতে ১৩ হাজার ৯৯ কোটি ৮ লাখ টাকা এবং নন-লাইফ বীমা খাতে ৬ হাজার ৩৮৬ কোটি ২২ লাখ টাকা।
একই সময়ে দেশের বীমা খাতে মোট অনিষ্পন্ন দাবির পরিমাণ ছিল ৭ হাজার ৯১২ কোটি ৫৩ লাখ টাকা। এর মধ্যে লাইফ বীমা খাতে ৪ হাজার ৪০৩ কোটি ২০ লাখ টাকা এবং নন-লাইফ বীমা খাতে ৩ হাজার ৫০৯ কোটি ৩৩ লাখ টাকা।
যা বলছে আইডিআরএ ও খাতসংশ্লিষ্টরা
এ বিষয়ে আইডিআরএ'র মুখপাত্র সাদিক আরমান বলেন, বীমা খাতে গ্রাহকদের আস্থা ফেরাতে সুশাসন নিশ্চিত করা, পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা এবং দক্ষ জনবল নিয়োগে কাজ করছে সংস্থাটি। পাশাপাশি বীমা কোম্পানিগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে বীমা খাতে মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের যুগ্ম মহাসচিব ও জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেন, গ্রাহকদের অনিষ্পন্ন বীমা দাবি দ্রুত পরিশোধ করা হলে এ খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে। আইডিআরএ'র বর্তমান চেয়ারম্যানের উদ্যোগে কয়েক ধাপে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ করায় মাঠপর্যায়ে ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে বলেও জানান তিনি।
বেঙ্গল ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম বলেন, চিকিৎসা ব্যয়, পঙ্গুত্ব বা মৃত্যুর পর পরিবারের আর্থিক সুরক্ষা এবং মেয়াদ শেষে এককালীন অর্থ পাওয়ার আশায় মানুষ বীমা পলিসি গ্রহণ করে। তাই বীমা কোম্পানির প্রতি গ্রাহকের আস্থা থাকা জরুরি।
তিনি বলেন, দেশে বীমা খাতের প্রসারে সরকার, বীমা কোম্পানি ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বীমার সুফল তুলে ধরার পাশাপাশি অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দ্রুত ও সঠিকভাবে বীমা দাবি পরিশোধ নিশ্চিত করা গেলে দেশে বীমা গ্রাহকের সংখ্যা বাড়বে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।