নিজস্ব প্রতিবেদক: বীমা খাতে দক্ষ ও অ্যাক্রেডিটেড প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগের বাধ্যবাধকতা নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভীনের বক্তব্যের বিরোধিতা করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্ট ও সংসদ সদস্য সাঈদ আহমেদ। তিনি প্রশ্ন তুলেছেন, ডিসেম্বরের পর সিএফও নিয়োগ বাধ্যতামূলক করলে দেশের ৮২টি বীমা কোম্পানি একসঙ্গে কোথায় ৮২ জন এফসিএ বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পাবে?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এই মন্তব্য করেন।‘টুয়ার্ডস আ স্ট্রংগার অ্যান্ড সাসটেইনেবল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি: দ্যা ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক ওই গোলটেবিল বৈঠকে দেশের বীমা কোম্পানিগুলোতে অ্যাক্রেডিটেড সিএফও নিয়োগ নিয়ে অনড় অবস্থানের কথা জানান আইডিআরএ চেয়ারম্যান।
সিএফও সংক্রান্ত আইডিআরএ চেয়ারম্যানের কড়া বার্তার জবাবে বিআইএ প্রেসিডেন্ট বলেন, সুশাসনের কথা বলে হুট করে এফসিএ নিয়োগের কথা বলা হচ্ছে। অথচ যারা এতদিন ব্যালেন্স শিট তৈরি বা স্বাক্ষর করেছেন, তারা কি তবে ভুল বা অশিক্ষিত ছিলেন? তিনি বলেন, ব্যালেন্স শিট তো নিয়ন্ত্রক সংস্থার মাধ্যমেই অনুমোদিত হয়ে আসে, তাহলে সুশাসনের অভাব কোথায় ছিল?
তিনি আরও জানান, অনেক সময় বড় বড় ডিগ্রিধারী বা এফসিএ হয়েও অনেকে বীমা খাতের জটিলতা ও বাস্তব চিত্র বোঝেন না। তাই কোনো ধরনের সময়সীমা বা 'টাইম-বার' না দিয়ে হুট করে যেকোনো কড়া সিদ্ধান্ত চাপিয়ে দেয়া বা কোম্পানি নির্মূল করার নীতি বুদ্ধিমানের কাজ হতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
বৈঠকে সিএফও এবং ব্যবস্থাপনার প্রসঙ্গে সাঈদ আহমেদ বলেন, যারা দীর্ঘদিন ধরে এই খাত পরিচালনা করছেন তাদের অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক জ্ঞানকে অবমূল্যায়ন করা ঠিক নয়। নতুনদের মূল্যায়ন অবশ্যই থাকা উচিত, কিন্তু তাই বলে অভিজ্ঞদের এক লহমায় বাতিলের খাতায় ফেলে দেয়া যায় না। অভিজ্ঞতারও নিজস্ব দাম ও প্রয়োজনীয়তা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বীমা খাতের বিভিন্ন সমস্যা ও সমালোচনা প্রসঙ্গে সাঈদ আহমেদ বলেন, খাতটিকে টিকিয়ে রাখতে হলে স্টেকহোল্ডার বা উদ্যোক্তাদের আস্থায় নিতে হবে এবং তাদের সাথে আলোচনা করেই যেকোনো আইন বা নীতিমালা প্রণয়ন করতে হবে। স্টেকহোল্ডারদের বাদ দিয়ে বা কোনো কিছু চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তা কখনোই আলোর মুখ দেখবে না বলে তিনি সতর্ক করেন।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।