‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

১০ মাসে ৩৮৩ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি সোনালী লাইফের

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পিএম

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ৩৮৩ কোটি ৫ লাখ টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। এ সময়ে কোম্পানিটি ৪৯ হাজার ১৮৪টি দাবি নিষ্পত্তির তথ্য জানিয়েছে। পরিশোধ করা অর্থের সবচেয়ে বড় অংশ ছিল মেয়াদপূর্তি দাবির।

কোম্পানিটির ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত অনিরীক্ষিত মাসিক দাবি নিষ্পত্তির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ২৩ হাজার ২৭৭টি মেয়াদপূর্তি দাবির বিপরীতে ২৯২ কোটি ৭৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে, যা মোট নিষ্পত্তিকৃত অর্থের ৭৬ শতাংশের বেশি।

একই সময়ে সারভাইভাল বেনিফিট বা পলিসির মেয়াদ চলাকালে নির্ধারিত সময়ে প্রদেয় সুবিধার আওতায় ৫১ কোটি ৮১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এ ছাড়া পলিসি সমর্পণ মূল্যের বিপরীতে পরিশোধ করা হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকা। এ দুই খাতে নিষ্পত্তিকৃত দাবির সংখ্যা যথাক্রমে ১৭ হাজার ৮৯৮টি ও ৬ হাজার ৮৩৪টি।

এ ছাড়া ৫১১টি মৃত্যুদাবির বিপরীতে ৭ কোটি ২৮ লাখ টাকা এবং গ্রুপ বীমাসহ অন্যান্য ৬৬৪টি দাবির বিপরীতে ১ কোটি ৬৬ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।

মাসভিত্তিক হিসাবে সেপ্টেম্বরে সবচেয়ে বেশি ৪৯ কোটি ৮১ লাখ টাকার দাবি নিষ্পত্তি হয়েছে। ওই মাসে নিষ্পত্তিকৃত দাবির সংখ্যা ছিল ৫ হাজার ৩৮৩টি।

অক্টোবরে ৪ হাজার ৬১৭টি দাবির বিপরীতে ৪০ কোটি ৫৪ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে মেয়াদপূর্তি দাবিতেই পরিশোধ করা হয়েছে ৩১ কোটি ৮৫ লাখ টাকা।

এর আগে ২০২৫ সালের পুরো বছরে সোনালী লাইফ ৪০৫ কোটি ১৫ লাখ টাকার ৫৫ হাজার ৩০০টি বীমা দাবি নিষ্পত্তি করে। ২০২৪ সালে কোম্পানিটি ৩৮০ কোটি টাকা এবং ২০২৩ সালে ১২৪ কোটি টাকার বেশি দাবি পরিশোধ করেছিল।

প্রতিবেদনে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত প্রতিটি মাসে উত্থাপিত বা পরিশোধযোগ্য দাবি এবং নিষ্পত্তিকৃত দাবির সংখ্যা ও অর্থের পরিমাণ সমান দেখানো হয়েছে। তবে এতে দাবি নিষ্পত্তির গড় সময় কিংবা প্রত্যাখ্যাত দাবির পৃথক তথ্য উল্লেখ করা হয়নি।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌