‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলটেবিল বৈঠক

বীমা খাতের সংকট উত্তরণে সুশাসন, দক্ষ জনবল ও বাস্তবসম্মত পদক্ষেপের তাগিদ বিশিষ্টজনদের

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:২১ এএম

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের পেনিট্রেশন রেট বৃদ্ধি ও সুশাসন প্রতিষ্ঠায় মেধাবী জনবল নিয়োগ, কর্পোরেট সুশাসন নিশ্চিত করা এবং খাতের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করা জরুরি বলে মন্তব্য করেছেন ‘টুয়ার্ডস আ স্ট্রংগার অ্যান্ড সাসটেইনেবল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি: দ্যা ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আলোচকরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ এ গোলটেবিল আয়োজন করে। আলোচকরা এ সময় অতিরিক্ত কোম্পানির সংখ্যা নিয়ন্ত্রণ, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় করে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ জোর দেন। একইসাথে অতীতের তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বীমা খাতের ওপর গ্রাহকের হারানো আস্থা ফিরিয়ে আনার তাগিদ দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। 

বীমা খাতের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরে গ্লোবাল ইন্স্যুরেন্স সাবেক সিনিয়র কনসালট্যান্ট এবিএম নুরুল হক বলেন, বর্তমানে বীমা খাতের পেনিট্রেশন রেট বা প্রবৃদ্ধি এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সবচেয়ে নিচে রয়েছে, যা অত্যন্ত অ্যালার্মিং। খাতটিকে এগিয়ে নিতে হলে মেধাবী ও দক্ষ জনবল নিয়োগ, কর্পোরেট সুশাসন নিশ্চিত করা এবং প্রিমিয়াম আয়ের অন্তত ১ শতাংশ ট্রেনিং ও স্পেশালাইজেশনের জন্য ব্যয় করার প্রস্তাব দেন তিনি। এছাড়া আগামী পাঁচ বছরে নন-লাইফ প্রিমিয়াম ১০ হাজার কোটি টাকায় উন্নীত করা এবং ১ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হাসিনা শেখ বলেন, দেশের শীর্ষস্থানীয় কিছু বিশ্ববিদ্যালয় থেকে বীমা বিষয়ে আনুষ্ঠানিক শিক্ষা নেওয়া মেধাবী ও টপার শিক্ষার্থীদের সরাসরি ক্যাম্পাস রিক্রুটমেন্টের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে যুক্ত করা হচ্ছে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রির সার্বিক কল্যাণের স্বার্থেই দক্ষ ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত তরুণদের দ্রুত কর্পোরেট অঙ্গনে যুক্ত করার আহবান জানান তিনি।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, বীমা খাতের সমস্যা ও প্রতিকার সম্পর্কে সবাই জানলেও কার্যকর বাস্তবায়নের অভাব রয়েছে। বর্তমান বাজারে ৮২টি কোম্পানির স্থায়িত্ব ও সুশাসন নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠান তহবিল তছরুপ করেছে এবং টিকে থাকার মতো সক্ষমতা হারিয়েছে, দীর্ঘমেয়াদে সেগুলোর লাইসেন্স বন্ধ করে দেয়া উচিত। এ খাতে শৃঙ্খলা ফেরাতে সততা ও সচ্ছতার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।

বিআইএ’র সাবেক প্রেসিডেন্ট ও কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ পাভেল বলেন, দেশের অর্থনীতির তুলনায় বীমা কোম্পানির সংখ্যা অতিরিক্ত এবং অতীতে রাজনৈতিক বিবেচনায় অপ্রয়োজনীয় লাইসেন্স প্রদান করা হয়েছে। বর্তমান রিনিউয়াল ফি এবং অডিট রিপোর্টের নিয়মে কিছু বাস্তবসম্মত সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, কেবল শাস্তি বা কড়া সিদ্ধান্ত না নিয়ে স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করে এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই এই খাতকে টিকিয়ে রাখতে হবে।

বিআইএফ’র সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা শফিক শামীম বলেন, বীমার ওপর গ্রাহকের আস্থা ফেরাতে দ্রুত দাবি পরিশোধের কোনো বিকল্প নেই। তিনি বলেন, মোটর ইন্স্যুরেন্স এবং মাইক্রো-ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা গেলে মাত্র ৭ দিনের মধ্যেই কৃষকদের বা গ্রাহকদের দাবি পরিশোধ করা সম্ভব। পাশাপাশি শীর্ষ পদে যোগ্য ও দক্ষ জনবল নিয়োগের ওপর জোর দেন তিনি।

আইডিআরএ’র সাবেক সদস্য ও একাডেমি অব লার্নিং এর এমডি সুলতান-উল-আবেদীন মোল্লা বলেন, বীমা খাতের মূল সমস্যা হলো অন্যান্য আর্থিক খাতের তুলনায় এর প্যারালাল প্রবৃদ্ধি না হওয়া। তিনি বলেন, রিটেইল পর্যায়ে সাধারণ মানুষের কাছে বীমা সেবা পৌঁছে দিতে 'ইনক্লুসিভ ইন্স্যুরেন্স' বা অন্তর্ভুক্তিমূলক বীমার পরিধি বাড়াতে হবে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে তিনি ইন্স্যুরেন্স খাতের মানবসম্পদ উন্নয়ন ও ডিমান্ড-সাপ্লাইভিত্তিক গবেষণার কাজ চলমান রয়েছে বলে জানান।

ইন্স্যুরেন্স নিউজ বিডি’র সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান টুংকু বলেন, ২০১৬ সালের ২০ জুন লাইফ ইন্স্যুরেন্স খাতের ১,৭৮১ কোটি টাকা অতিরিক্ত ব্যবস্থাপনা ব্যয়ের অভিযোগে দুদক তদন্ত কমিটি গঠন করলেও সেই অর্থ অদ্যাবধি পুনর্ভরণ করা হয়নি, যা এই খাতের নাজুক অবস্থার অন্যতম প্রধান কারণ।

পলিসি বিক্রির ক্ষেত্রে দ্বিগুণ মুনাফার মিথ্যা প্রতিশ্রুতি ও ডিপোজিট সংস্কৃতির কারণে সাধারণ মানুষের আস্থা নষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু গোলটেবিল বৈঠকে আলোচনা সীমাবদ্ধ না রেখে, অতীতে গঠিত তদন্ত কমিটির সিদ্ধান্ত ও নীতিমালার সঠিক বাস্তবায়ন এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে মাঠপর্যায়ে বাস্তবমুখী উদ্যোগ নেয়া জরুরি।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌