নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের সুশাসন এবং হাজার হাজার কোটি টাকার পলিসিহোল্ডারদের তহবিল সুরক্ষায় যোগ্য ও দক্ষ প্রধান আর্থিক কর্মকর্তা বা সিএফও নিয়োগের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভীন। তিনি বলেন, শীর্ষস্থানীয় কোম্পানি এবং বাকিদের মধ্যে মূল পার্থক্য কেবল একটি পজিশনেই- আর তা হলো দক্ষ ও অ্যাক্রেডিটেড সিএফও।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে বীমা কোম্পানিগুলোর শীর্ষ নির্বাহীদের উদ্দেশে এসব কথা বলেন আইডিআরএ চেয়ারম্যান। ‘টুয়ার্ডস আ স্ট্রংগার অ্যান্ড সাসটেইনেবল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এ গোলটেবিল বৈঠকে সম্মানিত অতিথি ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)’র সভাপতি সাঈদ আহমেদ।
গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব ও সঞ্চালনা করবেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবিএম নুরুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আল-আমিনসহ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, গবেষক, নীতিনির্ধারক, ব্যাংকার ও ব্যবসায়ীরা আলোচক হিসেবে অংশ নেন এই গোলটেবিল আলোচনায়।
বীমা কোম্পানিতে দক্ষ সিএফও নিয়োগের বাধ্যবাধকতা ও সংস্কারের প্রস্তাব নিয়ে কোম্পানিগুলোর কিছু অনীহা বা ‘পুশব্যাক’ করার প্রবণতার সমালোচনা করে আইডিআরএ চেয়ারম্যান বলেন, মানুষ হাজার হাজার কোটি টাকা হ্যান্ডেল করছে, অথচ সিএফও’র পেছনে বিনিয়োগ করতে চায় না।
তিনি বলেন, ছোটখাটো কোম্পানিগুলো টাকা বাঁচানোর মানসিকতা দেখালেও আদতে এটি ‘পেনি ওয়াইজ পাউন্ড ফুলিশ’ বা তুচ্ছ বিষয়ে কিপটায়েমি করে বড় ক্ষতি ডেকে আনার শামিল। কোম্পানিগুলোর উচিত তাদের অন্যান্য বিনিয়োগের খাত থেকে কিছুটা ভেঙে হলেও অবিলম্বে দক্ষ ও অ্যাক্রেডিটেড সিএফও নিয়োগে বিনিয়োগ করা। এতে রাতারাতি দৃশ্যমান পরিবর্তন আসবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গভর্নেন্স রিভিউ বা নিয়ন্ত্রক সংস্থার বৈঠকে অংশ নেয়া অনেক সিএফও’র পেশাগত মান নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে নাদিয়া নিভীন বলেন, অনেক সময় তারা মৌলিক প্রশ্নগুলোরও সঠিক উত্তর দিতে পারেন না। এমনকি 'মূলধন' এবং 'বিনিয়োগ' এর মতো সাধারণ মৌলিক ধারণার পার্থক্যটুকুও অনেকে গুলিয়ে ফেলেন।
ইংরেজিতে কথা বলা নিয়ে খোঁচা দিয়ে তিনি মন্তব্য করেন, ভবিষ্যতে প্রয়োজনে তিনি শতভাগ বাংলায় আলোচনা করবেন এবং পরিভাষাগুলো বাংলায় বুঝিয়ে দেবেন যাতে বুঝতে সমস্যা না হয়।
তিনি প্রশ্ন রাখেন, পর্যাপ্ত যোগ্য হিসাবরক্ষক বা পেশাদার সিএফও ছাড়া এই বিশাল অংকের জনগণের অর্থ কীভাবে ব্যবস্থাপনার আশা করা যায়? কোনো রেগুলেটর, দেশ বা সরকার এটি কখনোই হতে দিতে পারে না এবং আইডিআরএ-ও তা বরদাস্ত করবে না।
বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার বা প্রভাব খাটিয়ে কাজ হাসিল করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইডিআরএ চেয়ারম্যান। তিনি স্পষ্ট করে বলেন, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ তার নিজস্ব কাজ করবে এবং কোম্পানিগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে।
সবার সাথে গঠনমূলক আলোচনা এবং অংশীদারিত্বকে স্বাগত জানালেও কেউ যদি রেগুলেটরকে ‘বুলডোজ’ বা জোর খাটিয়ে দমিয়ে রাখতে চায়, তবে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের ‘রেগুলেটরি ক্যাপচার’ সহ্য করা হবে না উল্লেখ করে তিনি বলেন, কোম্পানিগুলোকে যেকোনো মূল্যে অ্যাক্রেডিটেড ফিন্যান্সিয়াল প্রফেশনাল দিয়ে সিএফও পদগুলো পূরণ করতেই হবে।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।