ব্যাংকের মতো মাসিক সঞ্চয় স্কিম বীমা কোম্পানিতে

অনুমোদনহীন লাইফ বীমা পরিকল্প বন্ধের নির্দেশ আইডিআরএ'র

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৫ এএম

নিজস্ব প্রতিবেদক: দেশের লাইফ বীমা খাতে যেসব কোম্পানি অনুমোদনহীন বীমা পরিকল্প বাজারজাত করছে তা অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী স্বাক্ষরিত পরিপত্র (লাইফ) জারি করে এই নির্দেশ দেয়া হয়।

আইডিআরএ বলছে, বীমা আইন, ২০১০ এর ১৬ ধারার বিধান অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদনক্রমে লাইফ বীমা কোম্পানি বা করপোরেশন কর্তৃক বীমা পরিকল্প বাজারজাত করার বাধ্যবাধকতা রয়েছে। সম্প্রতি অভিযোগ পাওয়া যাচ্ছে, কোন কোন লাইফ বীমা কোম্পানি কর্তৃপক্ষের অনুমোদনবিহীন পরিকল্প গ্রাহকদের নিকট বিক্রি করছে; যা বীমা আইন, ২০১০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এ ছাড়াও কোন কোন বীমা কোম্পানি ব্যাংকের ন্যায় মাসিক সুদ বা মুনাফাসহ মাসিক সঞ্চয় স্কিম বা অনুরূপ পণ্য বীমা গ্রাহকদের নিকট বিক্রি করছে, যা কোনক্রমেই বীমা পরিকল্প হিসেবে স্বীকৃত নয়। এতে একদিকে যেমন বীমা গ্রাহকরা বিভ্রান্ত হচ্ছেন এবং কোম্পানির ভবিষ্যৎ দায় বৃদ্ধির মাধ্যমে ঝুঁকি বাড়ছে; অন্যদিকে বীমা শিল্পেরও ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এই প্রেক্ষিতে যে সকল বীমা কোম্পানি কর্তৃপক্ষের অনুমোদনহীন বীমা পরিকল্প বাজারজাত করছে তা অবিলম্বে বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে পরিপত্রে। এতে আরো বলা হয়েছে, এর ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট বীমাকারীর বিরুদ্ধে বীমা আইন, ২০১০ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।