ভিসা কর্মীদের জন্য সমন্বিত বীমা কভারেজ দেবে মেটলাইফ বাংলাদেশ

সংবাদ বিজপ্তি: বাংলাদেশে নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য সমন্বিত বীমা সুবিধা প্রদানে মেটলাইফ বাংলাদেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট নেটওয়ার্ক ভিসা। এ চুক্তির আওতায় ভিসার কর্মীরা দুর্ঘটনা, অক্ষমতা ও মৃত্যুর ক্ষেত্রে আর্থিক সুরক্ষা পাবেন। পাশাপাশি কর্মীদের ওপর নির্ভরশীলরা ইন-পেশেন্ট, আউট-পেশেন্ট ও মাতৃত্বকালীন বীমা কভারেজের সুবিধা উপভোগ করবেন।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ।

বীমা কভারেজ কর্মীদের মধ্যে নিরাপত্তাবোধ ও প্রতিষ্ঠানের প্রতি বিশ্বস্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সম্প্রতি পরিচালিত ‘এমপ্লয়মেন্ট বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস)’- এর জরিপে দেখা গেছে, ৫৬ শতাংশের বেশি কর্মী জানিয়েছেন যে আর্থিক উদ্বেগ তাদের উৎপাদনশীলতা কমিয়ে দেয়। এছাড়া ৪১ শতাংশ কর্মী আর্থিক চাপকে মানসিক স্বাস্থ্যের সমস্যার সঙ্গে সম্পৃক্ত করেছেন। একই জরিপে ৭৮ শতাংশ কর্মী বলেছেন, বীমা ও মানসিক স্বাস্থ্য সহায়তার মতো সুস্থতা-সংক্রান্ত সুবিধা তাদের প্রতিষ্ঠানের প্রতি আরও বিশ্বস্ত করে তোলে।

বীমা দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক সাফল্য, কাস্টমাইজড বীমা সেবা, অত্যাধুনিক ড্যাশবোর্ড, ক্যাশলেস আউটপেশেন্ট ও অ্যাম্বুলেন্স সেবা, দ্রুত পেমেন্ট এবং ঝামেলামুক্ত দাবি নিষ্পত্তির সক্ষমতার কারণে নিজেদের কর্মীদের জন্য মেটলাইফকে নির্বাচন করেছে ভিসা।

ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, ‘ডিজিটাল পেমেন্টে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হয়, আর এক্ষেত্রে কর্মীরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের আর্থিক নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে সমন্বিত বীমা কভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বীমা সুবিধা থাকলে তারা জীবনের অনিশ্চয়তায় নিজেদের ও পরিবারের সদস্যদের নিয়ে নির্ভার থাকতে পারবেন, যা তাদের কাজে একাগ্রতা ও আত্মবিশ্বাস বাড়াবে এবং উদ্ভাবনে উৎসাহিত করবে।’

মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘প্রতিষ্ঠানগুলোকে তাদের কর্মীদের জন্য নিরাপদ ও যত্নশীল কর্মপরিবেশ গড়ে তুলতে সহায়তা করাই মেটলাইফের অগ্রাধিকার। ভিসার সঙ্গে এ অংশীদারিত্ব কর্মীদের কল্যাণে শক্তিশালী ও সমন্বিত বীমা সমাধান প্রদানের যৌথ অঙ্গীকারেরই প্রতিফলন।’

ভিসা ব্যক্তি ও ব্যবসায়িক উদ্যোগসমূহকে বিশ্ব অর্থনীতির সঙ্গে সংযুক্ত করতে কাজ করে। প্রতিষ্ঠানটি ২০০-এর বেশি দেশ ও অঞ্চলে নিরাপদ ডিজিটাল পেমেন্ট সুবিধা প্রদান করছে।

বাংলাদেশে প্রায় ১০ লাখ ব্যক্তি গ্রাহক এবং ৯০০-এর বেশি প্রতিষ্ঠানকে বীমা সুরক্ষা দিচ্ছে মেটলাইফ। সম্প্রতি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ‘আইডিআরএ ইন্স্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবসায়িক কার্যক্রমে নেতৃত্ব, সেবার মান, সুশাসন, দাবি নিষ্পত্তি ও রেগুলেটরি কমপ্লায়েন্সের ভিত্তিতে এ পুরস্কার প্রদান করা হয়।