এফআইডি’কে আইডিআরএ’র চিঠি

স্থগিত হচ্ছে বীমা আইন সংশোধন ও রেজল্যুশন অধ্যাদেশের খসড়া!

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম

নিজস্ব প্রতিবেদক: বীমা আইন-২০১০ ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১০ এর সংশোধন এবং প্রস্তাবিত বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশের খসড়া প্রক্রিয়াকরণের কার্যক্রম আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়েছে খাতটির নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। খসড়াগুলো আরও পরিমার্জন ও পর্যালোচনার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে

মঙ্গলবার (১৪ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র আইন বিভাগের পরিচালক মো. বদিউজ্জামান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে বীমা আইন, ২০১০ এর সংশোধন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর সংশোধন এবং বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৬ এর খসড়া প্রস্তুত করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে খসড়াগুলো আরও নিখুঁত ও যুগোপযোগী করতে অধিকতর রিভিউ এবং পরিমার্জনের প্রয়োজন দেখা দিয়েছে।

"সংস্কারের জন্য আইন সংশোধন নয়, প্রয়োজন বিদ্যমান আইনের সঠিক প্রয়োগ"

এই কারণে বিষয়োক্ত খসড়াসমূহের ওপর আপাতত কোনো ধরনের প্রশাসনিক বা আইনি কার্যক্রম গ্রহণ না করার জন্য মন্ত্রণালয়ের বীমা শাখাকে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে ১৯ জানুয়ারি বীমা আইন, ২০১০-এর সংশোধিতব্য খসড়া এবং বীমাকারীর রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া পর্যালোচনা করতে আইডিআরএ কার্যালয়ে পৃথক দু’টি সভা আহবান করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) । তবে সভা দু’টি জাতীয় নির্বাচনের পর আয়োজনের অনুরোধ জানায় বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)।

 

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।