লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডসে সোনালী লাইফের সাফল্য উদযাপন

নিজস্ব প্রতিবেদক: সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির শীর্ষ পারফর্মারদের অর্জন, নেতৃত্ব ও অবদানের স্বীকৃতি দিতে ‘এমজিকিউ লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস প্রোগ্রাম ২০২৪-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজিত এ অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও ফিল্ড ফোর্সের সদস্যরা অংশ নেন।

সোনালী লাইফের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানটি প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়।

সোনালী লাইফের চেয়ারম্যান মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ছাড়া কোম্পানির পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, পরিচালক ফৌজিয়া কামরুন তানিয়া, প্রধান পরিচালন কর্মকর্তা মো. মঞ্জুর মোর্শেদ, পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লিডার্স ক্লাব অর্জনকারী ব্রাঞ্চ ম্যানেজার, ইউনিট ম্যানেজার ও ফিন্যান্সিয়াল অ্যাসোসিয়েটসহ তিন হাজারেরও বেশি কর্মী অংশগ্রহণ করেন। এ সময় কৃতী কর্মীদের সম্মাননা প্রদান, অনুপ্রেরণামূলক বক্তব্য এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়।

সোনালী লাইফের এ বার্ষিক আয়োজনের মাধ্যমে কর্মীদের মধ্যে উৎকর্ষ, নেতৃত্ব ও সাফল্যের নতুন প্রেরণা জাগিয়ে তোলার উদ্যোগ নেয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সাম্প্রতিক ব্যবসায়িক অর্জনও তুলে ধরা হয়।

২০২৫ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশের লাইফ বীমা কোম্পানিগুলোর মধ্যে প্রিমিয়াম আয়ে সোনালী লাইফ ৫ম স্থান অর্জন করেছে। এ খাতে কোম্পানিটির প্রিমিয়াম আয় দাঁড়িয়েছে ৮৬৫.৮৭ কোটি টাকা। একই সঙ্গে নবায়ন প্রিমিয়াম আয়ে ৫ম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি, যেখানে আয় হয়েছে ৫৪১.২৪ কোটি টাকা।

এ ছাড়া গ্রাহকদের ৪০৫.১৫ কোটি টাকার দাবি পরিশোধের মাধ্যমে সোনালী লাইফ দাবি নিষ্পত্তিতে ৬ষ্ঠ অবস্থান অর্জন করেছে। অন্যদিকে, লাইফ ফান্ডে ৭ম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটির তহবিলের পরিমাণ দাঁড়িয়েছে ৮৯২.৯৭ কোটি টাকা।

পাশাপাশি ৬৭৫.৪৫ কোটি টাকার বিনিয়োগ নিয়ে দেশের শীর্ষ ১০ লাইফ বীমা প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সোনালী লাইফ।