আইডিআরএ চেয়ারম্যান-সদস্য নিয়োগে বয়সসীমা তুলে দিয়ে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা তুলে দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।

এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন করা হয়।

‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০’-এর ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) অনুযায়ী, চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬৭ বছর।

সংশোধিত আইনে বলা হয়েছে, এই আইন ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬’ নামে অভিহিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে।

আইন অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৭-এর উপধারা (৩) সংশোধন করা হয়েছে। সংশোধনে দফা (ঙ)-এর শেষে থাকা সেমিকোলন চিহ্নের পর “বা” শব্দ যুক্ত করা হয়েছে।

একই সঙ্গে দফা (চ)-এ থাকা “; বা” চিহ্ন ও শব্দের পরিবর্তে দাঁড়ি চিহ্ন বসানো হয়েছে। এছাড়া ধারা ৭-এর উপধারা (৩)-এর দফা (ছ) বিলুপ্ত করা হয়েছে।

এই সংশোধনের ফলে আইডিআরএ’র চেয়ারম্যান ও সদস্য পদে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সর্বোচ্চ বয়সসীমা আর থাকছে না।