কমিশন অভিযোগে ৯ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএ'র পরিদর্শন

সংবাদ বিজ্ঞপ্তি: ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত থাকার পরও বিভিন্ন খাতে কমিশন প্রদান অব্যাহত রাখার অভিযোগের প্রেক্ষিতে দেশের নয়টি বীমা প্রতিষ্ঠানে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
মঙ্গলবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিআরএ এ তথ্য জানিয়েছে।
আইডিআরএ জানায়, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে এবং নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সম্মতিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বীমা কোম্পানিগুলোর ব্যক্তি এজেন্সি কার্যক্রম স্থগিত করা হয়। তবে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরও কিছু কোম্পানি ব্যবসা সংগ্রহের উদ্দেশ্যে বেতন-ভাতা, ‘নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন খাতে কমিশন প্রদান অব্যাহত রেখেছে বলে অভিযোগ উঠেছে।
খাতসংশ্লিষ্টদের মতে, এ ধরনের কার্যক্রম বীমা খাতে অসুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করছে এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা বাস্তবায়নকে বাধাগ্রস্ত করছে। এর ফলে খাতে সুশাসন ও সমতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অভিযোগের সত্যতা যাচাই এবং বিদ্যমান আইন ও বিধি-বিধান প্রতিপালন পর্যবেক্ষণের লক্ষ্যে আইডিআরএ তিনটি পরিদর্শক কমিটি গঠন করেছে। গত ৪ জুন জারি করা এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের জন্য পৃথক টিম গঠনের নির্দেশনা দেয়া হয়।
পরিদর্শনের আওতায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- প্রভাতি ইন্স্যুরেন্স পিএলসি, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স পিএলসি, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স পিএলসি, কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি।
আইডিআরএ জানিয়েছে, পরিদর্শন সংক্রান্ত প্রতিবেদন কর্তৃপক্ষের গঠিত ভিজিলেন্স টিমের কাছে দাখিল করা হবে। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে বিদ্যমান আইন ও বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে আইডিআরএ সদস্য (নন-লাইফ বীমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



