সংবাদ বিজ্ঞপ্তি: বীমা দাবি ও অভিযোগ ব্যবস্থাপনায় ডিজিটাল সেবা চালুর উদ্যোগ হিসেবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) মোবাইল অ্যাপ ‘ইন্স্যুপ্লেইন্ট’ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি পেয়েছে।
‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ আয়োজনে নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে আইডিআরএ-এর এ উদ্যোগকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গত ৬ জুলাই তিনি আইডিআরএ-এর চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের হাতে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের সম্মাননা তুলে দেন।
আইডিআরএ জানায়, বীমা খাতের আধুনিকায়ন, গ্রাহকসেবা উন্নয়ন এবং দাবি নিষ্পত্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্যে ‘ইন্স্যুপ্লেইন্ট’ অ্যাপটি চালু করা হয়েছে। চলতি বছরের ২৩ জুন থেকে চালু হওয়া এই অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে গ্রাহকরা অফিসে না গিয়েই বীমা দাবি প্রাপ্তির আবেদন এবং অন্যান্য অভিযোগ দাখিল করতে পারছেন।
একই সঙ্গে গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে তাদের দাবি বা অভিযোগ নিষ্পত্তির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন। অন্যদিকে, নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ বীমা কোম্পানিগুলোর গ্রাহক দাবি ও অভিযোগ নিষ্পত্তি কার্যক্রমের অগ্রগতি অনলাইনে পর্যবেক্ষণ করতে পারছে।
বীমা খাতে গ্রাহকের আস্থা বৃদ্ধি, দ্রুত দাবি নিষ্পত্তি এবং অভিযোগ ব্যবস্থাপনা দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ বিষয়। আইডিআরএর মতে, এ ধরনের ডিজিটাল উদ্যোগ গ্রাহকসেবা সহজ করার পাশাপাশি বীমা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে, বীমা পলিসির তথ্য যাচাই সহজ করতে আইডিআরএ একটি কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বীমা তথ্য অ্যাপ’ বাস্তবায়ন করছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সহজে তাদের পলিসির তথ্য যাচাই করতে পারবেন এবং ভুয়া ও ডুপ্লিকেট পলিসি প্রতিরোধে সহায়তা পাওয়া যাবে।
আইডিআরএর মতে, প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগের মাধ্যমে বীমা সেবার মান উন্নয়ন, গ্রাহকের আস্থা বৃদ্ধি এবং দেশের আর্থিক খাতে বীমা খাতের অবদান আরও শক্তিশালী হবে।
‘ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬’ আয়োজনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ২৫টি দপ্তর ও সংস্থার উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করা হয়। মূল্যায়নের ভিত্তিতে পাঁচটি ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি দেয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে- রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে জনতা ব্যাংক পিএলসির ‘জনতা-পে’; রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ক্যাটাগরিতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ‘ই-মাইগ্রেশন ঋণ সেবা’; নিয়ন্ত্রক সংস্থা ক্যাটাগরিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর ‘ইন্স্যুপ্লেইন্ট মোবাইল অ্যাপ’; আর্থিক প্রতিষ্ঠান ক্যাটাগরিতে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ‘দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ’; এবং অন্যান্য প্রতিষ্ঠান ক্যাটাগরিতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ‘জিআইএস বেইজড সুপারভিশন অ্যান্ড মনিটরিং সিস্টেম’।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।