আইডিআরএ’র প্রতিবেদন

নন-লাইফ বীমায় ১২৪২ কোটি টাকার দাবি পরিশোধ, অনিষ্পন্ন ৩৫৯৯ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক: ২০২৫ সালে দেশের নন-লাইফ বীমা খাতে উত্থাপিত দাবির ৮.৫৬% শতাংশ পরিশোধ করেছে কোম্পানিগুলো। ফলে ৯১.৪২% শতাংশ বীমা দাবি অনিষ্পন্ন রয়েছে খাতটিতে। টাকার অঙ্কে এই অনিষ্পন্ন বীমা দাবির পরিমাণ ৩৫৯৯ কোটি।  

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র প্রকাশিত ৪টি ত্রৈমাসিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দেশের ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির দেয়া তথ্যের ভিত্তিতে এসব প্রতিবেদন প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

প্রতিবেদনের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১৭৪০ কোটি ৩৭ লাখ টাকার নতুন বীমা দাবি উত্থাপন করা হয়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বর শেষে কোম্পানিগুলোর ৩০৫৫ কোটি ৮০ লাখ টাকার বীমা দাবি অনিষ্পন্ন ছিল।

এসব অনিষ্পন্ন বীমা দাবির মধ্যে ২০২৫ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১২৪২ কোটি ২৫ লাখ টাকার দাবি পরিশোধ করা হয়। এই হিসাবে দেশের ৪৬টি নন-লাইফ বীমা কোম্পানির গড় বীমা দাবি পরিশোধের হার ৮.৫৬ শতাংশ।   

এর মধ্যে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিক তথা জানুয়ারি থেকে মার্চ মাসে বীমা দাবি পরিশোধ করা হয় ২৯৫ কোটি ২৯ লাখ টাকা। এপ্রিল থেকে জুন এই তিন মাসে পরিশোধ করা হয় ৩০০ কোটি ১ লাখ টাকা।

২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ২৭৪ কোটি ৭৬ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করা হয়। আর বছরের শেষ প্রান্তিক তথা অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে পরিশোধ করা হয় ৩৭২ কোটি ১৯ লাখ টাকা।

আইডিআরএ’র প্রতিবেদন অনুসারে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে ৩৯০ কোটি ১০ লাখ টাকার বীমা দাবি উত্থাপন করা হয়। এ ছাড়াও দ্বিতীয় ত্রৈমাসিকে ৩৯২ কোটি ৫৬ লাখ টাকা, তৃতীয় ত্রৈমাসিকে ৩৪৮ কোটি ৮০ লাখ টাকা এবং চতুর্থ ত্রৈমাসিকে ৬০৮ কোটি ৯১ লাখ টাকার বীমা দাবি উত্থাপন হয়।

অপরদিকে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে নতুন ও পুরনো বীমা দাবির ৯০ শতাংশ পরিশোধ করে কোম্পানিগুলো। এ ছাড়াও দ্বিতীয় ত্রৈমাসিকে ৮.৩২ শতাংশ, তৃতীয় ত্রৈমাসিকে ৭.৫৫ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৯.৩৭ শতাংশ বীমা দাবি পরিশোধ করে কোম্পানিগুলো।