‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

আর্থিক খাতের সুরক্ষায় পরিশোধিত মূলধন: সাধারণ ব্যবসা বনাম ব্যাংক-বীমা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৭ পিএম

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: ছোট হোক কিংবা বড়- সকল ধরনের ব্যবসা বা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য মূলধন বা ক্যাপিটালের প্রয়োজন হয়। এই মূলধন বা ক্যাপিটালকে বলা হয় ব্যবসার মূল চালিকাশক্তি। তবে ব্যবসার ধরন ও আইনি কাঠামোর ওপর ভিত্তি করে এই মূলধনের ব্যবহার, নিয়ন্ত্রণ এবং আইনি বাধ্যবাধকতার মধ্যে বেশ পার্থক্য রয়েছে।

বিভিন্ন প্রকার ব্যবসা যেমন- গ্রোসারি, বুটিক শপ, রেস্টুরেন্ট ইত্যাদির জন্য মূলধনের প্রয়োজন হয়। এসব ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সেই মূলধনের টাকা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ এবং ব্যয় করে থাকেন। স্থানীয় সরকারের কাছ থেকে একটি ট্রেড লাইসেন্স গ্রহণের মাধ্যমে এই ধরনের ব্যবসা পরিচালনা করা যেতে পারে।

এ ধরণের ব্যবসার ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের কাছে জবাবদিহিতা বা মূলধন গচ্ছিত রাখার বাধ্যবাধকতা থাকে না।

কিন্তু আর্থিক খাত অর্থাৎ ব্যাংক ও বীমার বেলায় নিয়ম অনুযায়ী নির্ধারিত বা নির্দিষ্ট পরিমাণ একটি টাকা পরিশোধিত মূলধন বা পেইডআপ ক্যাপিটাল হিসেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সিকিউরিটি মানি বা বিধিবদ্ধ আমানত হিসেবে গচ্ছিত রাখতে হয়; এটি আইনগত বাধ্যবাধকতা।

ব্যাংক-বীমার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো- ব্যবসা চলমান থাকা অবস্থায় মালিকপক্ষ বা উদ্যোক্তারা এই পরিশোধিত মূলধনের টাকা কোনো অবস্থাতেই নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারেন না। বছরের পর বছর ব্যবসা চললেও এই গচ্ছিত টাকা স্পর্শ করার কোনো আইনি অনুমতি বা সুযোগ থাকে না।

এটি মূলত গ্রাহক ও পলিসিহোল্ডারদের স্বার্থ রক্ষা এবং যেকোনো চরম আর্থিক বিপর্যয় মোকাবেলায় একটি ব্যাক-আপ বা নিরাপত্তা ঢাল হিসেবে কাজ করে।

এই পরিশোধিত মূলধন বা পেইড-আপ ক্যাপিটাল কেবল দুটি বিশেষ পরিস্থিতিতে ফেরতযোগ্য:

প্রথমত: এই বিশাল অংকের টাকা মালিকপক্ষ তখনই ফেরত পাবেন, যখন মালিকপক্ষ ব্যবসা বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেই মত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করবেন।

দ্বিতীয়ত: কোন কারণে কোম্পানির লাইসেন্স বা নিবন্ধন বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ বা সরকার কর্তৃক বাতিল হলে এই পরিশোধিত মূলধন বা পেইড আপ ক্যাপিটাল ফেরতযোগ্য।

মূলত সাধারণ ব্যবসায় মূলধন যেখানে মালিকের তাৎক্ষণিক মুনাফা ও স্বাধীনতা নিশ্চিত করে, আর্থিক খাতে পরিশোধিত মূলধন সেখানে গ্রাহকের আমানতের নিরাপত্তা ও রাষ্ট্রীয় অর্থনীতির স্থিতিশীলতার প্রতীক হিসেবে কাজ করে।

এক্ষেত্রে উল্লেখ করার বিষয় হলো- ২০১০ সালের বীমা আইনে বেধে দেয়া পেইড-আপ ক্যাপিটালের পরিমাণ ২০২৬ সালে এসে অপ্রতুল হয়ে পড়েছে। সময়ের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে বর্তমানে পেইড-আপ ক্যাপিটাল বহুগুণ বাড়ানো প্রয়োজন।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌