কর্মীদের বীমা সুবিধা প্রদানে গার্ডিয়ান ও সুপার স্টার গ্রুপের মধ্যে চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সুপার স্টার গ্রুপের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) গুলশানে গার্ডিয়ান লাইফের প্রধান কার্যালয়ে এ চুক্তিতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ এবং সুপার স্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় সুপার স্টার গ্রুপের সকল কর্মী এবং তাদের উপর নির্ভরশীল পরিবারের সদস্যরা গার্ডিয়ান লাইফের সমন্বিত লাইফ বীমা সুবিধা ও চিকিৎসা–সুবিধা উপভোগ করতে পারবেন। এর ফলে, প্রতিষ্ঠানটির কর্মী ও তাদের পরিবারের সদস্যদের আর্থিক নিরাপত্তা এবং স্বাস্থ্যসুরক্ষা আরও জোরদার হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান লাইফের পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও টিম লিডার (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ সার্ভিস জিনাত ফেরদৌসী এবং কি–অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক।
সুপার স্টার গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদি আবদুল মজিদ, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম, জেনারেল ম্যানেজার (আইসিসিডি) মো. জাজমুল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) সুবীর কুমার দাস এবং ম্যানেজার (হিউম্যান রিসোর্সেস) কাজী তানভীর আহমেদ।
এ প্রসঙ্গে শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, ‘আমরা বিশ্বাস করি, কর্মীদের কল্যাণই একটি প্রতিষ্ঠানের টেকসই অগ্রগতির ভিত্তি। সুপার স্টার গ্রুপের সাথে এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা তাদের কর্মীদের এবং তাদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করছি, যাতে তারা নিশ্চিন্ত মনে ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন।’
গার্ডিয়ান লাইফ বর্তমানে ১ কোটি ৩০ লাখের বেশি মানুষের সুরক্ষা দিচ্ছে। দেশি ও বহুজাতিক মিলিয়ে ৫০০–এর বেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ইন্স্যুরেন্স সেবা নিশ্চিত করছে কোম্পানিটি। গ্রাহকসন্তুষ্টি ও আর্থিক নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে উদ্ভাবন, দক্ষতা ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে দেশের ইন্স্যুরেন্স খাতকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করছে।



