বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু আলীর 'সহজ ভাষায় বীমা পাঠ'

নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু আলীর বীমাবিষয়ক নতুন বই 'সহজ ভাষায় বীমা পাঠ'। বইটিতে বীমা সংক্রান্ত বিভিন্ন বিষয় সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ।
বইটি পাওয়া যাচ্ছে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে বিন্দু প্রকাশের ২৩৭ নম্বর স্টল এবং বাংলা একাডেমি প্রাঙ্গণে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৫৫৭ নম্বর স্টলে। বইটির মূল্য ২৮৫ টাকা, তবে বইমেলা উপলক্ষে থাকছে ২৫ শতাংশ ছাড়।
'সহজ ভাষায় বীমা পাঠ' বইটিতে বীমা কী, কেন বীমা করা প্রয়োজন, বীমার প্রকারভেদ, বিভিন্ন বীমা পণ্যের সুবিধা, কীভাবে বীমা করা যায়- এসব বিষয় সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়া গ্রুপ বীমা কীভাবে কাজ করে, বীমা পলিসি তামাদি হওয়া ও তার কারণ, তামাদি হওয়া থেকে বাঁচার উপায়, বীমা করার মৌলিক শর্ত এবং জীবন বীমার প্রিমিয়াম নির্ধারণের পদ্ধতিও বইটিতে তুলে ধরা হয়েছে।
বইটিতে আরও আলোচনা করা হয়েছে বাংলাদেশে বীমা শিল্পের বর্তমান অবস্থা, বীমা কোম্পানির সেবা মান, নিয়ন্ত্রক সংস্থার ভূমিকা, রাজনৈতিক বিবেচনায় অনুমোদনের প্রভাব এবং বীমা খাতের বিভিন্ন চ্যালেঞ্জ। পাশাপাশি ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় বীমার ভূমিকা, বীমায় পেনশন সুবিধা, কর রেয়াত, এফডিআর-এর মতো জীবনবীমায় সঞ্চয়ের সুযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ও এতে স্থান পেয়েছে।
এ ছাড়া বইটিতে বীমার ইতিহাস, বাংলাদেশে বীমা শিল্পের বিকাশ, ইসলামী বীমার ধারণা, ইসলামী জীবন বীমার বৈশিষ্ট্য এবং প্রচলিত বীমার সঙ্গে এর পার্থক্য সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। গল্পের মাধ্যমে বীমা বোঝানোর প্রয়াসও রয়েছে বইটিতে। পাশাপাশি বীমা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পরিভাষা তুলে ধরা হয়েছে।
বইটি শিক্ষানবিশ রিপোর্টার, বিশেষ করে অর্থনৈতিক সাংবাদিকদের জন্য সহায়ক হবে। পাশাপাশি বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীরাও বইটি থেকে উপকৃত হতে পারবেন।
লেখক আবু আলী দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতায় যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক আমাদের সময় পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। 'সহজ ভাষায় বীমা পাঠ' তার অষ্টম গ্রন্থ।
এর আগে ২০২৫ সালের গ্রন্থমেলায় তার 'অর্থনৈতিক পরিভাষা', ২০২৪ সালের গ্রন্থমেলায় ভ্রমণবিষয়ক 'প্যারিস থেকে হামবুর্গ', ২০২৩ সালে 'টেমস থেকে নীলনদ', ২০২২ সালে শেয়ারবাজার বিষয়ক 'শেয়ারবাজারের সহজপাঠ', ২০২১ সালে 'আকাশ থেকে জলে', ২০২০ সালে 'মেঘ পাহাড়ের আলিঙ্গন' এবং ২০১৮ সালে তার প্রথম গ্রন্থ 'শেয়ারবাজারের প্রাথমিক ধারণা' প্রকাশিত হয়।



