রমজান মাসে নতুন সূচিতে চলবে বীমা অফিস

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সঙ্গতি রেখে বীমা খাত সংশ্লিষ্ট সকল অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বীমা কোম্পানিগুলোকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

চিঠিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাসে কর্তৃপক্ষসহ সকল বীমা করপোরেশন এবং বীমা কোম্পানির অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

চিঠিতে আরো বলা হয়েছে, এ আদেশ ১ রমজান ১৪৪৭ হিজরি থেকে কার্যকর হবে এবং পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর অফিসের সময়সূচির ক্ষেত্রে রমজানের পূর্বাবস্থা বলবৎ হবে।

পবিত্র রমজান মাসে বর্ণিত অফিস সময়সূচি যথাযথভাবে পরিপালনের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে সংস্থাটির পরিচালক (প্রশাসন) বিশ্বজিত কুমার পাল স্বাক্ষরিত ওই চিঠিতে।