আস্থা লাইফ ও বিএএসবি’র মধ্যে বীমা সেবা সম্প্রসারণের চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: বাংলাদেশ সেনাবাহিনীর অবসরভোগী সেনাসদস্যদের জন্য অবসর পরবর্তী বীমা পেশায় কর্মসংস্থানের ব্যবস্থাকরণ এবং তাদেরকে বীমা সেবার আওতায় আনয়নের মাধ্যমে বীমা সেবা সম্প্রসারণের লক্ষ্যে আস্থা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (বিএএসবি) এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

রোববার (২৯ মার্চ) আস্থা লাইফের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। আস্থা লাইফের পক্ষে লেফটেন্যান্ট কর্ণেল (অবসরপ্রাপ্ত) মো. খায়রুল বাশার এবং বিএএসবি’র পক্ষে মেজর মশিউল আলম মাশুক চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শাহ সগিরুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবসরপ্রাপ্ত) এবং বাংলাদেশ আর্মড সার্ভিসেস বোর্ড (বিএএসবি) এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাশরুর হোসাইন ভূইয়া, এনডব্লিউসি, এএফডব্লিইসি, পিএসসি’র উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএএসবি'র মহাপরিচালক বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থানরত সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের আস্থা লাইফের ফিন্যান্সিয়াল এসোসিয়েট/ইউনিট ম্যানেজার/ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগের সুযোগ সৃষ্টি হওয়ায় আমরা আনন্দিত।

পাশাপাশি তিনি অবসরভোগী সেনাসদস্যদের জন্য সাশ্রয়ীমূল্যে আস্থা লাইফের বীমা পরিকল্প বা প্রোডাক্ট গ্রহনের মাধ্যমে অবসর পরবর্তী জীবন ও নিজ পরিবারের আর্থিক ঝুঁকি নিরসন সহজতর হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

আস্থা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সার্বিক কল্যাণার্থে আস্থা লাইফের ও বিএএসবি’র নিবিড় পারস্পরিক সহযোগিতা ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

তিনি বলেন, এ চুক্তির মাধ্যমে বিএএসবি’র আওতাধীন সারা বাংলাদেশে অবস্থিত ২০টি ডিএএসবি সহ ৬১টি ডিসপেনসারি সমূহে আস্থা লাইফের বীমা বিষয়ক প্রশিক্ষণ, বীমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা ও বীমা সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এক অপার সম্ভাবনার দ্বার উন্মোচন হলো এবং উভয়পক্ষের এ বন্ধন বা সহযোগীতা বীমা সেবা সম্প্রসারণে অগ্রণী ভূমিকা রাখবে।