পুনর্বীমা বিধান মানছে না নন-লাইফ বীমা কোম্পানি, আইডিআরএ’র কঠোর হুশিয়ারি

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

পুনর্বীমা সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ বিধান না মানায় নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সার্কুলার নং-নন-লাইফ ১০৬/২০২৫ জারি করে এই সতর্কবার্তা প্রদান করা হয়।

নিজস্ব প্রতিবেদক: পুনর্বীমা সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ বিধান না মানায় নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) সার্কুলার নং-নন-লাইফ ১০৬/২০২৫ জারি করে এই সতর্কবার্তা প্রদান করা হয়।

আইডিআরএ জানায়, দীর্ঘদিনের নির্দেশনা থাকা সত্ত্বেও সম্প্রতি কিছু বীমা কোম্পানি পুনর্বীমা কার্যক্রমে নিয়ম-নীতি অমান্য করছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-  কান্ট্রি লিমিট অতিক্রমের পর বিদেশি পুনর্বীমাকারীর নিকট থেকে প্রিমিয়াম রেট ও শর্তাদি আনার ক্ষেত্রে ঝুঁকি গ্রহণের ৩০ দিনের মধ্যে আইডিআরএ’র অনুমোদন না নেয়া।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত রেটিং এজেন্সি (Standard & Poor, AM Best, Moodies and Fitch) কর্তৃক ন্যূনতম বি-প্লাস রেটিংপ্রাপ্ত পুনর্বীমাকারীদের কাছ থেকে রেট আনার বিধান প্রতিপালন না করা। এটি বীমা আইন ২০১০-এর ১৩০(খ) ধারার সরাসরি লঙ্ঘন।

পুনর্বীমাযোগ্য অংশের ৫০ শতাংশ সাধারণ বীমা করপোরেশনের নিকট পুনর্বীমা না করা, যা বীমা করপোরেশন আইন ২০১৯ এর ১৭(২) ধারার লঙ্ঘন।

কো-ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কেবল লিড কো-ইন্স্যুরেন্স কোম্পানি নিজের ১০০ শতাংশ প্লেসমেন্ট দাখিল করছে, অথচ অন্যান্য কো-ইন্স্যুরেন্স কোম্পানির প্লেসমেন্ট জমা দিতে দেরি করছে। ভবিষ্যতে এই সমস্যার সমাধানে লিড কো-ইন্স্যুরেন্স কোম্পানিকে  সব কো-ইন্স্যুরেন্স কোম্পানির প্লেসমেন্টসহ সাবমিশন জমা দিতে নির্দেশনা দেয়া হয়েছে।

আইডিআরএ সতর্ক করে বলেছে, এসব নির্দেশনা অমান্য হলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে বীমা আইন ২০১০-এর ১৩০ ধারা অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসাথে কোন ব্যক্তি দায়ি প্রমাণিত হলে তার বিরুদ্ধেও আইনের ১৩৪ ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।