নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমা জরিপকারী (লাইসেন্সিং) বিধিমালা, ২০১৮ সংশোধনের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। লাইসেন্স ফি বৃদ্ধিসহ বিধিমালাটির কিছু গুরুত্বপূর্ণ ধারা সংশোধনের জন্য এরইমধ্যে একটি খসড়া প্রজ্ঞাপন প্রস্তুত করে সে বিষয়ে জনমত যাচাইয়ের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আইডিআরএ বলছে, আইন ও বিধিমালাকে যুগোপযোগীকরণ, সময়ের অপচয় রোধ, অর্থ ব্যয় সংকোচন, রক্ষনাবেক্ষণ ব্যয়সহ মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি ফি হালনাগাদ করা এবং প্রশাসনিক শৃঙ্খলা ও জবাবদিহিতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এই খসড়া প্রজ্ঞাপনের ওপর আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং সাধারণ জনগণের সুচিন্তিত মতামত পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে মতামত পাওয়া না গেলে কোনো আপত্তি নেই মর্মে কর্তৃপক্ষ পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করবে।
মূল বিধিমালা ও প্রস্তাবিত সংশোধনী পর্যালোচনা করে দেখা গেছে, জরিপকারীদের লাইসেন্সের মেয়াদ ও নবায়নের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ২০১৮ সালের মূল বিধিমালার ৭(১) বিধি অনুযায়ী, আইডিআরএ কর্তৃক ইস্যুকৃত একজন জরিপকারীর লাইসেন্সের মেয়াদ ছিল ১ বছর। কিন্তু নতুন খসড়ায় জরিপকারীদের সময়ের অপচয় ও প্রশাসনিক জটিলতা কমাতে এই মেয়াদ বাড়িয়ে ২ বছর করার প্রস্তাব করা হয়েছে।
এর ফলে এখন থেকে প্রতি বছর নবায়নের পরিবর্তে প্রতি দুই বছর পর পর লাইসেন্স নবায়ন করলেই চলবে। একইভাবে আগে নবায়নের আবেদনের সাথে পূর্ববর্তী ১ বছরের জরিপ প্রতিবেদনের বিবরণী জমা দিতে হতো, যা সংশোধন করে এখন বিগত ২ বছরের বিবরণী দাখিলের কথা বলা হয়েছে।
লাইসেন্সের মেয়াদ বৃদ্ধির পাশাপাশি সরকারি ফি’র ক্ষেত্রে বড় অংকের বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এই খসড়ায়। ২০১৮ সালের গেজেট অনুযায়ী নতুন লাইসেন্স প্রাপ্তির জন্য ফি ছিল ২ হাজার টাকা। প্রস্তাবিত সংশোধনীতে এই ফি ২৫ গুণ বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
একইভাবে আগে লাইসেন্স নবায়ন ফি যেখানে ছিল ১ হাজার টাকা, নতুন নিয়মে তা ৫ গুণ বাড়িয়ে ৫ হাজার টাকা করার কথা বলা হয়েছে। মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নবায়নের জন্য প্রতি মাসের বিলম্ব ফি ছিল ১শ’ টাকা, যা নতুন খসড়ায় ৫শ’ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া মূল লাইসেন্স হারিয়ে গেলে বা নষ্ট হলে আগে যেখানে ১শ’ টাকা ফি দিয়ে প্রতিলিপি বা ডুপ্লিকেট লাইসেন্স পাওয়া যেত, সংশোধিত বিধিমালায় তা ১ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
এই খসড়া প্রজ্ঞাপনের বিষয়ে যেকোনো মতামত আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে [email protected] এবং [email protected] -এই দুটি ই-মেইলে পাঠাতে হবে। এক্ষেত্রে মতামত অবশ্যই সফট কপি (নিকস ফন্টে মাইক্রোসফট ওয়ার্ড) এবং হার্ডকপি (পিডিএফ ফরম্যাট) আকারে ই-মেইলে পাঠাতে হবে, সরাসরি কোনো কাগজের কপি আইডিআরএ কার্যালয়ে গ্রহণযোগ্য হবে না।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।