প্রিমিয়াম সংগ্রহে বিজয়ী ২৬ কর্মকর্তাকে পুরস্কৃত করল ন্যাশনাল লাইফ

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রধান কার্যালয়ের ২৬ কর্মকর্তাকে জুলাই মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ায় পুরস্কার দেয়া হয়েছে। একই অনুষ্ঠানে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে একটি মোটিভেশনাল সভার আয়োজন করা হয়।

সোমবার (৭ সেপ্টেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে এ পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি ছিলেন ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

অনুষ্ঠানে বক্তব্য দেন ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিএমডি ও সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. এনামুল হক।

এ সময় কোম্পানির ডিএমডি মো. আবুল কাসেম, ডিএমডি বাহার উদ্দিন মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন সেলিম বলেন, বীমা মানুষের আর্থিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সংকটের সময়ে বীমা মানুষের পাশে দাঁড়ায়। তিনি বলেন, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বীমার উপকারিতা উপলব্ধি করেছেন এবং দেশের বীমা খাতের উন্নয়নে কাজ করবেন।

তিনি আরও বলেন, ন্যাশনাল লাইফ দেশের বীমা খাতে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করছে এবং প্রতিষ্ঠানটির অগ্রগতি অব্যাহত থাকবে বলে তিনি আশা করেন।

বিশেষ অতিথি অধ্যাপক আবু আহমেদ বলেন, বিভিন্ন সময়ে মূল্যায়ন ও রেটিংয়ে ন্যাশনাল লাইফ ভালো অবস্থানে ছিল। তিনি কোম্পানির প্রতিষ্ঠাতা এম. হায়দার চৌধুরীর অবদানের কথাও তুলে ধরেন।

চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, গ্রাহকের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং যথাসময়ে দাবি পরিশোধ করা ন্যাশনাল লাইফের অন্যতম অগ্রাধিকার। গ্রাহকসেবা উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটি বীমা খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে।

মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, দ্রুত বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জনে কাজ করছে ন্যাশনাল লাইফ। তিনি বলেন, প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি ও কোম্পানির বিভিন্ন অর্জনের পেছনে কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।