সুন্দরবনে ডেল্টা লাইফের গণ-গ্রামীণ বীমা ডিভিশনের আনন্দভ্রমণ

সংবাদ বিজ্ঞপ্তি: বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে চার দিনের এক রোমাঞ্চকর সফর শেষ করলো ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের গণ-গ্রামীণ বীমা ডিভিশন। গত ০৬ থেকে ০৯ এপ্রিল পর্যন্ত আয়োজিত এই ভ্রমণে প্রতিষ্ঠানটির গণ-গ্রামীণ বীমার প্রায় ৩৫০ জন উন্নয়নকর্মী ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সুন্দরবন ভ্রমণের প্রাক্কালে ৬ এপ্রিল খুলনা ডেল্টা লাইফ টাওয়ারের কনফারেন্স হলে এক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে এফসিএ ও সকল অংশগ্রহণকারীকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মিলটন বেপারী। এসময় কেন্দ্রীয় উন্নয়ন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন জোন অপারেশন সেন্টারের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মব্যস্ত জীবনের ক্লান্তি দূর করে প্রকৃতির সান্নিধ্যে মাঠকর্মীদের নতুন উদ্দীপনা সৃষ্টি এবং পারষ্পরিক সৌহার্দ্য বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। চারদিনের এই ভ্রমণে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ নিয়ে সচেতনতামূলক নানাবিধ স্লোগান সম্বলিত ফেস্টুন প্রদর্শনের মধ্য দিয়ে সুন্দরবন রক্ষায় সচেতন থাকার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।