হেজ ফান্ডের রেকর্ড বিনিয়োগে ক্যাট বন্ডে জোয়ার, বদলে যাচ্ছে বৈশ্বিক বীমা খাত

সংবাদ ডেস্ক: বৈশ্বিক বীমা ও আর্থিক খাতে একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত পরিবর্তন স্পষ্ট হয়ে উঠছে। হেজ ফান্ড ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ব্যাপক মূলধন প্রবাহ ইন্স্যুরেন্স-লিঙ্কড সিকিউরিটিজ (আইএলএস) বাজারকে দ্রুত বৃদ্ধি করছে। এর ফলে দুর্যোগভিত্তিক বন্ড বাজারে নজিরবিহীন প্রবৃদ্ধি দেখা যাচ্ছে, যা ঐতিহ্যগত পুনর্বীমা ব্যবস্থাকে নতুনভাবে রূপ দিচ্ছে।
আন্তর্জাতিক পেশাদার সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এওন পিএলসি-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক আইএলএস বাজারের মোট সক্ষমতা প্রায় ১৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৮ শতাংশ বেশি। বিশ্লেষকদের মতে, উচ্চ সম্ভাব্য মুনাফা এবং প্রচলিত শেয়ার ও বন্ড বাজারের সঙ্গে কম সহসম্পর্ক থাকার কারণে এই খাতে বিনিয়োগকারীদের আগ্রহ দ্রুত বাড়ছে।
‘ক্যাট বন্ড’ মূলত এমন একটি আর্থিক ব্যবস্থা, যার মাধ্যমে বীমা কোম্পানিগুলো বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ- যেমন ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা দাবানল-সংক্রান্ত ঝুঁকি পুঁজিবাজারে স্থানান্তর করতে পারে। বিনিয়োগকারীরা এর বিনিময়ে প্রিমিয়াম আয় পান। নির্ধারিত সময়ের মধ্যে বড় কোনো দুর্যোগ না ঘটলে তারা আকর্ষণীয় মুনাফা অর্জন করেন; তবে দুর্যোগ ঘটলে মূলধনের আংশিক বা সম্পূর্ণ ক্ষতির ঝুঁকিও থাকে।
আইএলএস বাজারের দ্রুত সম্প্রসারণ সম্পর্কে ফারমাট ক্যাপিটাল ম্যানেজমেন্টের সহ-প্রতিষ্ঠাতা জন সিও বলেন, ‘এই বাজারে ইস্যুর গতি সত্যিই বিস্ময়কর।’ তার মতে, ২০২৫ সালে নতুন ইস্যুকারীর সংখ্যা রেকর্ড ছুঁয়েছে এবং ২০২৬ সালেও এই প্রবৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বিকল্প উৎস থেকে আসা এই বিপুল মূলধন পুনর্বীমা খাতের চিত্র বদলে দিচ্ছে। আগে এই খাত মূলত বড় পুনর্বীমা কোম্পানির ওপর নির্ভরশীল ছিল। এখন বীমা কোম্পানিগুলো ঝুঁকি ব্যবস্থাপনা সহজ করতে এবং মূলধনের দক্ষ ব্যবহার নিশ্চিত করতে সরাসরি পুঁজিবাজারের সহায়তা নিচ্ছে।
ক্যাট বন্ডের পাশাপাশি ‘সাইডকার’ নামের একটি বিনিয়োগ কাঠামোও দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এই ব্যবস্থায় তৃতীয় পক্ষের বিনিয়োগকারীরা সরাসরি আন্ডাররাইটিং ঝুঁকি ও মুনাফায় অংশ নিতে পারেন, ফলে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং বাজার আরও গতিশীল হয়ে উঠছে।
এদিকে, ঝুঁকির পরিধিও আগের তুলনায় বিস্তৃত হয়েছে। আগে যেখানে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে সীমাবদ্ধ ছিল, এখন সেখানে ছোট ও মাঝারি ধরনের প্রাকৃতিক দুর্যোগ- যেমন তীব্র বজ্রঝড়, বন্যা ও দাবানল- ক্রমেই গুরুত্ব পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে এসব ঘটনার সংখ্যা ও ক্ষতির পরিমাণ বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের আগ্রহ আরও বৃদ্ধি পেয়েছে।
তবে এই প্রবৃদ্ধির সঙ্গে কিছু ঝুঁকিও রয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের ধরন ও তীব্রতা আরও অনিশ্চিত হয়ে উঠছে। পাশাপাশি ঝুঁকি মূল্যায়নে ব্যবহৃত মডেলগুলো সবসময় নির্ভুল পূর্বাভাস দিতে পারে না। ফলে বড় কোনো অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়তে পারেন।
এর পরও বাজার সংশ্লিষ্টদের মতে, পুঁজিবাজারের এই বাড়তি অংশগ্রহণ ঝুঁকি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করছে। এতে বাজারে তারল্য বাড়ছে, বিনিয়োগের বৈচিত্র্য তৈরি হচ্ছে এবং ঝুঁকি আরও কার্যকরভাবে বণ্টন করা সম্ভব হচ্ছে।
ফলে পুনর্বীমা খাত ধীরে ধীরে আরও গতিশীল ও বাজারনির্ভর কাঠামোর দিকে অগ্রসর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



