সাবেক গণপূর্তমন্ত্রী ও যমুনা লাইফের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মিরসরাই আসনের (চট্টগ্রাম-১) সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপূর্তমন্ত্রী, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যমুনা লাইফ ইন্স্যুরেন্সের ডিভিপি (বোর্ড অ্যাফেয়ার্স) সাজেদা পারভীন এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে যমুনা লাইফ পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শোকবার্তায় বলা হয়, তার দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা এবং অক্লান্ত পরিশ্রম যমুনা লাইফের প্রতিষ্ঠা ও অগ্রযাত্রায় এক অবিস্মরণীয় ভূমিকা পালন করেছে। তার মৃত্যুতে দেশের বীমা খাত একজন দক্ষ ও আদর্শ অভিভাবককে হারালো।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে কোম্পানির পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়েছে। তার জানাজার সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে শোকবার্তায়।



