কেনাঙ্গার সঙ্গে চুক্তিতে জুরিখ মালয়েশিয়ার বীমা-তাকাফুল পৌঁছাবে এক প্ল্যাটফর্মে

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার আর্থিক সেবা খাতে বিনিয়োগের সঙ্গে বীমা ও তাকাফুল সুরক্ষাকে একসঙ্গে আনার লক্ষ্যে জুরিখ মালয়েশিয়া এবং কেনাঙ্গা ইনভেস্টমেন্ট ব্যাংক বেরহাদ (কেনাঙ্গা গ্রুপ) একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। গত ২৯ জানুয়ারি কুয়ালালামপুরে এই সহযোগিতার ঘোষণা দেয়া হয়।

এই অংশীদারত্বের মাধ্যমে জেনারেল ইন্স্যুরেন্স ও তাকাফুল, লাইফ ইন্স্যুরেন্স এবং ফ্যামিলি তাকাফুল- এই তিন খাতে পণ্য ও সেবার বিতরণ আরও বিস্তৃত করা হবে। প্রতিষ্ঠান দুটির ভাষ্য অনুযায়ী, কেনাঙ্গার অ্যাডভাইজরি-নেতৃত্বাধীন এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন চ্যানেল ব্যবহার করে গ্রাহকের কাছে সুরক্ষা সমাধানকে আরও সহজ, প্রাসঙ্গিক এবং স্কেলযোগ্যভাবে পৌঁছে দেয়াই এই উদ্যোগের লক্ষ্য।

চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো, এখন থেকে বিনিয়োগ পরামর্শের সঙ্গে গ্রাহকের সুরক্ষার প্রয়োজন একই পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত হবে। এ উদ্যোগের অংশ হিসেবে কেনাঙ্গা গ্রুপের অ্যাসেট ও ওয়েলথ ম্যানেজমেন্ট শাখা কেনাঙ্গা ইনভেস্টরস-এর গ্রাহকদের জন্য জুরিখ মালয়েশিয়ার আন্ডাররাইট করা একটি সমন্বিত গ্রুপ তাকাফুল স্কিম একচেটিয়াভাবে অফার করা হবে।

একই সঙ্গে কেনাঙ্গা ইনভেস্টরস-এর আর্থিক উপদেষ্টা প্রতিনিধিরা জুরিখ মালয়েশিয়ার বীমা ও তাকাফুল সমাধানের বৃহত্তর পরিসর গ্রাহকদের সামনে উপস্থাপন করতে পারবেন। ফলে গ্রাহকের লক্ষ্য, ঝুঁকিপ্রোফাইল এবং জীবনপর্যায় অনুযায়ী সুরক্ষা সুপারিশ আরও বাস্তবভিত্তিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

চুক্তি অনুযায়ী জুরিখ মালয়েশিয়ার সুরক্ষা সমাধানগুলো কেনাঙ্গা গ্রুপের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেও যুক্ত হবে। ঘোষণায় কেনাঙ্গার ডিজিটাল ইকোসিস্টেম সক্ষমতা এবং কেডিআই জিও-এর মতো প্ল্যাটফর্মের কথা উল্লেখ করা হয়েছে। লক্ষ্য হলো, বিনিয়োগের যাত্রাপথে গ্রাহক যেন একই অভিজ্ঞতার ভেতর থেকেই বীমা-তাকাফুল সুরক্ষার অপশন দেখতে পারে। প্রতিষ্ঠান দুটি সহজ অনবোর্ডিং এবং ছোট, সহজবোধ্য অপশন দেয়ার কথাও জানিয়েছে, যা কম জটিলতায় নতুন গ্রাহক যুক্ত হওয়া এবং দ্রুত সিদ্ধান্ত নিতে সহায়ক হতে পারে।

এ অংশীদারত্বের আওতায় কেনাঙ্গার ওয়ানপিআরএস (স্বেচ্ছাসেবী প্রাইভেট রিটায়ারমেন্ট সেভিংস স্কিম) জুরিখ মালয়েশিয়ার পণ্য প্রস্তাবে যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সংশ্লিষ্টদের মতে, এটি কার্যকর হলে গ্রাহকরা একদিকে অবসরকালীন সঞ্চয় গড়তে পারবেন, অন্যদিকে বীমা-তাকাফুল সুরক্ষার সুবিধাও একসঙ্গে নিতে পারবেন।

ব্যক্তিগত অর্থ পরিকল্পনায় অনেক সময় বিনিয়োগকে অগ্রাধিকার দেয়া হলেও পর্যাপ্ত সুরক্ষা কভারেজ থাকে না। এই উদ্যোগ সেই ব্যবধান কমাতে পারে, কারণ এখানে বীমা-তাকাফুলকে আলাদা পণ্য হিসেবে নয়, বরং হোলিস্টিক ফাইন্যান্সিয়াল প্ল্যানিং-এর অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। প্রতিষ্ঠান দুটির মতে, ভবিষ্যতে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও আর্থিক মাইলস্টোনকে কেন্দ্র করে আরও প্রসঙ্গভিত্তিক সুরক্ষা প্যাকেজ তৈরির পরিকল্পনা রয়েছে। (সংবাদ সূত্র: ইন্স্যুরেন্স এশিয়া)