সোনালী লাইফ ও মিলভিক বাংলাদেশের অংশীদারিত্বে স্বাস্থ্যসেবা ও বীমা সুবিধা একসঙ্গে

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ পিএম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জীবন বীমা খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করল সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও টেলিমেডিসিন সেবাদানকারী প্রতিষ্ঠান মিলভিক বাংলাদেশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) সোনালী লাইফের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই অংশীদারিত্বের ফলে সোনালী লাইফের গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা মিলভিকের টেলিমেডিসিন সেবার আওতায় আসবেন এবং একই সঙ্গে বীমা পরিকল্পনাগুলো আরও দ্রুত ও সহজভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কাছে পৌঁছে যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী লাইফের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম এবং মিলভিক বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষর করেন কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন সোনালী লাইফের পরিচালক শেখ মোহাম্মদ ড্যানিয়েল, সিওও মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সিআইও হাসিব রেজা, এএমডি এমদাদুল হক সাহিল, মিলভিকের কান্ট্রি লিড (ফাইন্যান্স) রিয়াজ মোস্তফা, ইসরাত মোস্তফা সহ সোনালী লাইফের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। তারা এই সহযোগিতাকে গ্রাহকসেবার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন।

সোনালী লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ‘গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। টেলিমেডিসিন সেবা যুক্ত হওয়ায় বীমার পাশাপাশি স্বাস্থ্যসেবা পাওয়া যাবে একই প্ল্যাটফর্মে, যা ডিজিটাল রূপান্তরের পথে একটি বড় পদক্ষেপ।’

অন্যদিকে মিলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শিহাব উদ্দীন বলেন, ‘সোনালী লাইফের সঙ্গে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য মানসম্মত ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করবে এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সেবাগ্রহণ প্রক্রিয়া আরও গতিশীল হবে।’

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।