নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রোববার (১৬ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০ এর ধারা ৫(২) অনুযায়ী মো. সিরাজুল ইসলামকে অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে কার্যভার গ্রহণের তারিখ থেকে ৩ বছর মেয়াদে এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, তার বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি সরকারের সাথে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
উল্লেখ্য, সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক (ইডি) ও মুখপাত্র, যিনি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সন্তান।
কেন্দ্রীয় ব্যাংকে দীর্ঘ ৩২ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে দায়িত্ব পালনের পর তিনি অবসরে যান এবং পরবর্তীতে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।