নিজস্ব প্রতিবেদক: সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) থেকে বীমা দাবি আদায়ে বীমা গ্রহীতাকে দাখিল করতে হবে অডিট রিপোর্ট। এমন প্রস্তাবনা দিয়ে বীমা দাবি নিষ্পত্তির চেকলিস্ট প্রণয়নের উদ্যোগ নিয়েছে আইডিআরএ।
তবে অডিট রিপোর্ট দাখিলের ক্ষেত্রে দীর্ঘদিন থেকেই আপত্তি জানিয়ে আসছে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ।
আগামী ১০ আগস্টের মধ্যে চূড়ান্ত মতামত চেয়ে প্রস্তাবিত চেকলিস্টের কপি সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে আইডিআরএ। গত ১৬ জুলাই আইডিআরএ'র নন-লাইফ অনুবিভাগের উদ্যোগে সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রস্তাবিত চেকলিস্টের কপি পাঠানো হয়।
আইডিআরএ’র প্রস্তাবিত চেকলিস্ট অনুসারে, অগ্নিবীমার ক্ষেত্রে অডিট রিপোর্টসহ ২৬ ধরনের কাগজপত্র দাখিলের কথা বলা হয়েছে। অন্যদিকে ১২ ধরনের কাগজপত্র দাখিলের প্রস্তাব দিয়ে মতামত দিয়েছে বিআইএ।
বিআইএ'র মতে, অগ্নি বীমার দাবি পরিশোধের ক্ষেত্রে অডিট রিপোর্ট প্রযোজ্য নয়। অথচ অডিট রিপোর্ট চাওয়ার কারণে দাবি পরিশোধ বিলম্বিত হয় এবং গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়।
বর্তমানে বীমা দাবি নিষ্পত্তির সময় নির্ধারিত চেকলিস্টের বাইরে অনেক ক্ষেত্রে অতিরিক্ত কাগজপত্রও চাওয়া হয়, যা দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে জটিল করে তোলে। এ পরিস্থিতি বিবেচনায় প্রতিটি বীমা পলিসির জন্য পৃথক ও সুনির্দিষ্ট চেকলিস্ট প্রণয়ন এবং চেকলিস্টের বাইরে অতিরিক্ত কোনো কাগজপত্র না চাওয়ার প্রস্তাব করা হয়েছে।
সভায় অগ্নি, মেরিন কার্গো, মেরিন হাল, মোটর, চুরি, ওয়ার্কমেনস কম্পেনসেশন, পার্সোনাল অ্যাক্সিডেন্ট, পাবলিক লায়াবিলিটি, ফিডেলিটি গ্যারান্টি, ক্যাশ-ইন-সেইফ, ক্যাশ-ইন-ট্রানজিট, অল রিস্ক, মেশিনারি ব্রেকডাউন, ডিটারিওরেশন অব স্টক, বয়লার অ্যান্ড প্রেসার ভেসেল এবং কন্ট্রাক্টরস অল রিস্কসহ প্রায় ২০টি নন-লাইফ বীমা খাতের বিদ্যমান ও প্রস্তাবিত চেকলিস্ট পর্যালোচনা করা হয়।
প্রস্তাবিত চেকলিস্টের বিষয়ে বিআইএ তাদের মতামতে বলেছে, অগ্নি বীমা দাবিতে ক্ষতির পরিমাণ ২৫ লাখ টাকার নিচে হলে এবং গ্রাহক নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণ করলে ফায়ার সার্ভিসের প্রতিবেদন প্রয়োজন না-ও হতে পারে। এছাড়া মোটর ও দুর্ঘটনা বীমার মৃত্যুজনিত দাবিতে নমিনির জাতীয় পরিচয়পত্র ও সাক্সেশন সার্টিফিকেট সংযুক্ত করা এবং বৃহৎ কারখানায় চুরির দাবির ক্ষেত্রে বিভাগীয় তদন্ত প্রতিবেদন জমা দেয়ার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিআইএ ও সাধারণ বীমা করপোরেশন নিজেদের মধ্যে আলোচনা করে ১০ আগস্টের মধ্যে আইডিআরএ'র কাছে চূড়ান্ত মতামত ও প্রস্তাব জমা দেবে। এরপর প্রাপ্ত মতামতের ভিত্তিতে বীমা দাবি নিষ্পত্তির চেকলিস্ট সহজীকরণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আইডিআরএ।
আপনার একটি মন্তব্য লিখুন:
এখনো কোনো মন্তব্য করা হয়নি।