জনসংযোগ পরামর্শক নেবে আইডিআরএ, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ

প্রকাশিত: ১৮ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা খাতের নিয়ন্ত্রণকারী সংস্থা আইডিআরএ চুক্তিভিত্তিক ‘জনসংযোগ পরামর্শক’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেয়া হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বাছাই করা হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুসারে, কর্তৃপক্ষের প্রচার, গণমাধ্যম সমন্বয় এবং প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি বজায় রাখতে দক্ষ ও অভিজ্ঞ এই পরামর্শক নিয়োগ দেয়া হবে। প্রাথমিক অবস্থায় এক বছরের জন্য চুক্তি করা হলেও কাজের দক্ষতার ওপর ভিত্তি করে পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। আগামী ২৩ জুলাই সরাসরি সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে- পাবলিক রিলেশনস, কমিউনিকেশনস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং বা সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা ও প্রয়োজনীয় শর্তাবলী:

দুর্দান্ত লেখা, সম্পাদনা এবং প্রুফ রিডিং-এর দক্ষতা থাকতে হবে। মৌখিক যোগাযোগ এবং পাবলিক স্পিকিং-এ স্ট্রং অ্যাবিলিটি থাকতে হবে। স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট মেকানিজম সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং চমৎকার ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে। ডিজিটাল মিডিয়া টুলস, কন্টেন্ট ক্রিয়েশন এবং সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স বিষয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

দায়িত্ব ও কর্তব্য:

প্রতিষ্ঠানের লক্ষ্য অনুযায়ী জনসংযোগ ও আউটরিচ কৌশল প্রণয়ন ও বাস্তবায়নে সহায়তা করা। সাংবাদিক, সম্পাদক এবং সংবাদমাধ্যমের সাথে সুসম্পর্ক স্থাপন করা এবং প্রেস রিলিজ ও মিডিয়া অ্যাডভাইজরি তৈরি ও বিতরণ করা। ওয়েবসাইট, নিউজলেটার, ব্রোশিওর এবং বার্ষিক প্রতিবেদনের জন্য আকর্ষণীয় লিখিত এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করা।

প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া উপস্থিতি পরিচালনা, অ্যানালিটিক্স ট্র্যাকিং এবং সর্বোচ্চ রিচের জন্য ডিজিটাল ক্যাম্পেইন অপ্টিমাইজ করা। অভ্যন্তরীণ কর্মী, অংশীদার, সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সাথে কার্যকর যোগাযোগ সহজতর করা। করপোরেট ইভেন্ট, প্রেস কনফারেন্স, ওয়েবিনার এবং পাবলিক আউটরিচ প্রোগ্রাম সমন্বয় ও পরিচালনা করা। পিআর ক্যাম্পেইনের কার্যকারিতা মূল্যায়নের জন্য মিডিয়া কভারেজ মনিটরিং এবং কমিউনিকেশন পারফরম্যান্স মেট্রিক্স বিশ্লেষণ করা।

অপ্রত্যাশিত পরিস্থিতি বা বিতর্কের সময় ক্রাইসিস কমিউনিকেশন প্ল্যান তৈরিতে নেতৃত্বকে সহায়তা করা। চেয়ারম্যানের মিটিং থেকে উঠে আসা কাজের ফলোআপ করা। এছাড়াও বীমা কোম্পানি, নিয়ন্ত্রক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং মিডিয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে চেয়ারম্যানকে সহায়তা করা এবং প্রাসঙ্গিক যোগাযোগ নকশা তৈরিতে ইনোভেশন টিমের সাথে কাজ করা।

বেতন ও অন্যান্য সুবিধা:

নির্বাচিত প্রার্থীর বেতন ও ভাতাদি আলোচনাসাপেক্ষে নির্ধারিত হবে। প্রথম ৩ মাস অস্থায়ী (প্রবেশনকাল) হিসেবে গণ্য হবে এবং সেবাপ্রদান সন্তোষজনক হলে চুক্তি অনুসারে অবশিষ্ট সময় বহাল রাখা হবে।

আবেদন প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীদের  বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর আবেদনপত্র লিখতে হবে। আবেদনে প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার পূর্ণ বিবরণ থাকতে হবে।

আবেদনের সাথে সদ্য তোলা ৩ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূলকপি ও একসেট ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি সাথে আনতে হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে। সাক্ষাৎকারের স্থান- বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সাধারণ বীমা টাওয়ার (৯ম তলা), ৩৭/এ, দিলকুশা বা/এ, ঢাকা।

তবে সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

 

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।