মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ চ্যালেঞ্জ চালু

সংবাদ বিজ্ঞপ্তি: শিক্ষা ও খেলাধুলার মাধ্যমে শিশু ও তরুণদের আরও সক্রিয় ও আত্মবিশ্বাসী করে তুলতে নতুন একটি বৈশ্বিক উদ্যোগ চালু করেছে মেটলাইফ এবং গ্লোবাল সিটিজেন। ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামে এই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক চ্যালেঞ্জের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে একটি সহজ কিন্তু অর্থবহ উদ্যোগে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।
উদ্যোগটির মূল লক্ষ্য হলো- শিশু ও তরুণদের শিক্ষা ও খেলাধুলায় সম্পৃক্ততা বাড়ানো, পাশাপাশি তাদের আত্মবিশ্বাস ও সক্ষমতা উন্নত করা। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে শিক্ষা ও ক্রীড়ার সুযোগ বিস্তারে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই চ্যালেঞ্জে অংশ নিতে বাংলাদেশসহ বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ একটি ছোট ফুটবল জাগলিং ভিডিও তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক বা এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট করতে পারবেন। ভিডিও পোস্টের সময় অবশ্যই #FootworkForFutures হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
প্রতিটি যোগ্য ভিডিও জমা পড়লে মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার করে অনুদান দেবে। এইভাবে সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত অনুদান দেয়া হবে। সংগৃহীত এই তহবিল বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠনের মাধ্যমে শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে ব্যবহৃত হবে।
উল্লেখ্য, এই উদ্যোগটি মেটলাইফ ফাউন্ডেশন-এর বৃহত্তর প্রতিশ্রুতির অংশ। সংস্থাটি ইতোমধ্যে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৯ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার অঙ্গীকার করেছে, যা শিক্ষা ও ক্রীড়াভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে।
মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ফুটবল মানুষকে একসঙ্গে আনে। আর এটি যখন শিক্ষার সঙ্গে যুক্ত হয়, তখন নতুন সম্ভাবনার দ্বার খুলে দেয়। ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ উদ্যোগের মাধ্যমে আমরা চাই, বাংলাদেশসহ বিশ্বের মানুষ সহজে এবং আনন্দের সঙ্গে একটি ইতিবাচক বৈশ্বিক পরিবর্তনের অংশ হতে পারেন।”
এই চ্যালেঞ্জে অংশ নিতে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন নেই। যে কেউ নিজের মতো করে ফুটবল জাগলিং করার চেষ্টা করে ভিডিও শেয়ার করতে পারেন, যা উদ্যোগটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলেছে।
কর্মসূচিটি চলবে ১২ মে থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত, অথবা নির্ধারিত অনুদানের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া পর্যন্ত।
তবে ভিডিও জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা ও প্রচারণার শর্তাবলি মেনে চলতে হবে। অনুদানের জন্য বিবেচিত হতে হলে ভিডিওতে একজন ব্যক্তিকে নিরাপদভাবে ফুটবল জাগলিং বা জাগলিংয়ের চেষ্টা করতে দেখা যেতে হবে। নির্ধারিত মানদণ্ড পূরণ না হলে গ্লোবাল সিটিজেন কর্তৃপক্ষ যে কোনো ভিডিও বাতিল করতে পারে।



