বীমা খাতে আধুনিকায়ন ও সুশাসনে জোর

আইডিআরএ’র সঙ্গে রাষ্ট্রায়ত্ত বীমা কর্পোরেশনগুলোর বৈঠক

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা খাতকে আধুনিক করা, সেবা উন্নত করা এবং সুশাসন শক্তিশালী করার লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর সঙ্গে বৈঠক করেছে রাষ্ট্রায়ত্ত জীবন বীমা কর্পোরেশন এবং সাধারণ বীমা কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বুধবার (২৪ জুন) আইডিআরএ কার্যালয়ে পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আইডিআরএ’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন সভাপতিত্ব করেন। এতে বীমা খাতের বর্তমান সমস্যা, কাঠামোগত সংস্কার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। গ্রাহকের আস্থা বৃদ্ধি, দ্রুত দাবি নিষ্পত্তি এবং ডিজিটাল সেবা চালুর ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।

জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে বৈঠকে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনা এবং দ্রুত দাবি পরিশোধকে অগ্রাধিকার দেয়া হয়। কর্মকর্তারা জানান, মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের দাবি পরিশোধ নিশ্চিত করা যায়। এ সময় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জীবন ও স্বাস্থ্যবীমা সুবিধা সম্প্রসারণ, পেনশনভিত্তিক বীমা ব্যবস্থা উন্নয়ন, প্রবাসী কর্মীদের জন্য বীমা সেবা সহজীকরণ, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) ব্যবস্থা চালু, ঝুঁকি মূল্যায়ন ও অ্যাকচুয়ারিয়াল ডাটাবেস আধুনিকীকরণ এবং নতুন বীমা পণ্য চালুর বিষয়েও আলোচনা হয়।

সাধারণ বীমা কর্পোরেশনের সঙ্গে বৈঠকে দাবি নিষ্পত্তি ব্যবস্থা উন্নত করা, বীমা জালিয়াতি প্রতিরোধ, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং বাজার শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেয়া হয়। দীর্ঘদিন ধরে আটকে থাকা দাবিগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং অবশিষ্ট দাবিগুলো দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দেয়া হয়। পাশাপাশি সরকারি সম্পদ ও বড় অবকাঠামো প্রকল্পে বীমা সুরক্ষা সম্প্রসারণ, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় অর্থায়ন শক্তিশালী করা এবং দেশের পুনর্বীমা সক্ষমতা উন্নত করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে আইডিআরএ’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন বলেন, প্রযুক্তিনির্ভর সেবা, স্বচ্ছতা এবং সুশাসন ছাড়া বীমা খাতের টেকসই উন্নয়ন সম্ভব নয়। তিনি রাষ্ট্রায়ত্ত বীমা প্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ, আধুনিক এবং গ্রাহকবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উপস্থিত দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বীমা খাতের ভবিষ্যৎ উন্নয়ন ও স্থিতিশীলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।