রাবি শিক্ষার্থীদের বীমা সুবিধা অব্যাহত রাখতে জেনিথ ইসলামী লাইফের সঙ্গে তৃতীয় মেয়াদের চুক্তি

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের জন্য গ্রুপ স্বাস্থ্য ও লাইফ বীমা সুবিধা অব্যাহত রাখতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র সঙ্গে তৃতীয় মেয়াদের চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ট্রেজারার অধ্যাপক মো. মতিয়ার রহমান। জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র পক্ষে স্বাক্ষর করেন কোম্পানির এসইভিপি (এইচআর) ও কোম্পানি সচিব আবদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য ও লাইফ বীমা প্রকল্প পরিচালনা কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন। এছাড়া জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি'র ভিপি ও গ্রুপ বীমা বিভাগের প্রধান মো. আনোয়ার হোসেন সরকার, রাজশাহী অফিসের ডিএমডি (ইনচার্জ) মো. নাহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইনডোর (আইপিডি) ও আউটডোর (ওপিডি) চিকিৎসার জন্য নির্ধারিত পরিমাণ স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। এছাড়া কোনো শিক্ষার্থীর মৃত্যু হলে তার মনোনীত অভিভাবক নির্ধারিত পরিমাণ মৃত্যুদাবির অর্থ গ্রহণ করতে পারবেন।
শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য বীমার ই-কার্ডও চালু থাকবে। এর মাধ্যমে চিকিৎসাসেবা গ্রহণ এবং বীমা দাবি নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। বীমা-সংক্রান্ত সব দাবি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের কল্যাণে এ বীমা কার্যক্রম প্রথম চালু হয় ২০২২ সালে। পরে ২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে এবং ২০২৬ সালে তৃতীয় মেয়াদে চুক্তিটি নবায়ন করা হলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের ইতিবাচক সাড়া, সহজ সেবা প্রদান এবং কার্যক্রমের সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় এ চুক্তি পুনর্নবায়ন করা হয়েছে।



