বিকিনির ঝলকে নাক ভেঙে কেলেঙ্কারি, ক্ষতিপূরণ দিলো বীমা কোম্পানি

মাসরুক খান: সূর্যের আলোয় ঝলমলে এথেন্সের রাস্তায় একটা সুন্দর ছুটি কাটানোর আশা নিয়ে বেরিয়েছিলেন এক ব্রিটিশ পর্যটক। কিন্তু শেষ পর্যন্ত জুটলো ভাঙা নাক, লজ্জায় লাল মুখ আর একটা গল্প যা বছরের পর বছর ধরে বীমা জগতে হাসির খোরাক হয়ে আছে।
ঘটনাটি ঘটেছিল এথেন্সের একটি রাস্তায়। যুবক ব্রিটিশ পর্যটক হাঁটছিলেন। হঠাৎ তার সামনে বিকিনি পরা কয়েকজন নারী চলে এলেন। অপ্রত্যাশিত এই দৃশ্য দেখে তার মন এতটাই বিভ্রান্ত হয়ে গেল যে সামনের বাস শেল্টারটা একদম খেয়াল করলেন না। সোজা হেঁটে গিয়ে জোর ধাক্কা লাগল শেল্টারের সঙ্গে। ফলাফল- নাক গেল ভেঙ্গে।
লজ্জা ঢেকে রাখার চেষ্টা না করে তিনি পুরো সত্যি ঘটনা লিখে ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেইম জমা দিলেন। স্পষ্টভাবে লিখলেন, “অপ্রত্যাশিতভাবে বিকিনি পরা মহিলাদের দেখে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম।” আর সবচেয়ে মজার বিষয় হলো- বীমা কোম্পানি এই যুক্তিটা পুরোপুরি মেনে নিল! তারা বলল, এই বিভ্রান্তি যথেষ্ট বৈধ এবং দুর্ঘটনার কারণ হিসেবে গ্রহণযোগ্য। হাসপাতালের পুরো বিল তারা কোনো প্রশ্ন ছাড়াই মিটিয়ে দিল।
বীমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, পলিসিতে “ভ্রমণকালীন দুর্ঘটনায় চিকিৎসা খরচ” স্পষ্টভাবে উল্লেখ করা ছিল। “সুন্দরীদের দেখে মন ভুলে যাওয়া” নামে কোনো ধারা বাদ ছিল না। তাই কোম্পানি ক্লেইম মেনে নিয়েছে। তবে পর্যটকের ভাঙা আত্মসম্মানের জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
ওই অজ্ঞাতনামা ব্রিটিশ পর্যটকের ছুটি হয়তো ভাঙা নাক আর একটা অমর গল্প নিয়ে শেষ হয়েছে। আর আমাদের জন্য এটা একটা সতর্কবার্তা — বিদেশে ঘুরতে গেলে রাস্তার দিকে একটা চোখ রাখবেন, দৃশ্য যতই মনোমুগ্ধকর হোক না কেন!



