হেনস্থার শিকার হচ্ছে মাঠকর্মীদের পরিবারের সদস্যরাও

গ্রাহকের চাপে ঘরছাড়া সানফ্লাওয়ার লাইফের মাঠকর্মীদের মানববন্ধন

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৬, ১২:৪০ এএম

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকের বকেয়ার টাকা পরিশোধ করছে না সানফ্লাওয়ার লাইফ। ক্ষুব্ধ গ্রাহকেরা প্রতিনিয়ত মাঠকর্মীদের বাড়িতে ভিড় করছেন। গ্রাহকের এই চাপে পড়ে ঘরছাড়া হয়েছে দেড়শ মাঠকর্মী।

রোববার (১৯ জুলাই) এসব মাঠকর্মী বকেয়া বীমা দাবি পরিশোধের দাবিতে আইডিআরএ’র কার্যালয়ে মানববন্ধন করেন। পরে তারা আইডিআরএ’র কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। মাঠকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে আইডিআরএ তাৎক্ষণিকভাবে সানফ্লাওয়ার লাইফের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে গ্রাহকদের বকেয়া বীমা দাবি দ্রুত পরিশোধের নির্দেশ দেয়।

মাঠকর্মীরা এই প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে কোম্পানিটি গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করতে না পারায় তারা চরম সংকটে পড়েছেন। পাওনা টাকার দাবিতে ক্ষুব্ধ গ্রাহকরা প্রায় প্রতিদিনই তাদের বাড়িতে ভিড় করছেন। ফলে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তাদের অভিযোগ, সন্তানরা নির্বিঘ্নে স্কুলে যেতে পারছে না; অনেক সময় পথেই তাদের আটকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে তারাও বাড়িতে নিরাপদে থাকতে পারছেন না।

তাদের আরও অভিযোগ, বিভিন্ন কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে মানসিক ও শারীরিকভাবে হয়রানি ও লাঞ্ছিত করা হচ্ছে। একসময় সমাজে যে মানুষগুলো তাদের সম্মান করতেন, তারাই এখন প্রকাশ্যে অপমান ও গালিগালাজ করছেন। এসব ঘটনায় শুধু তারাই নন, তাদের পরিবারের সদস্য ও নিকট আত্মীয়-স্বজনও চরম মানসিক কষ্টের মধ্যে রয়েছেন।

লালমনিরহাট থেকে আসা সানফ্লাওয়ার লাইফের বীমা এজেন্ট আলগাজী রহমান বলেন, ২০২১ সাল থেকে পরিপক্ব (ম্যাচিউরড) বীমা দাবির অর্থ পরিশোধ না হওয়ায় মাঠকর্মীরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। তার দাবি, শুধু লালমনিরহাট অঞ্চলেই প্রায় দুই হাজার গ্রাহকের দুই কোটির বেশি টাকার বীমা দাবি বকেয়া রয়েছে। কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে একাধিকবার গেলেও কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ করেন তিনি। দ্রুত বকেয়া দাবি পরিশোধে আইডিআরএ’র কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

দেবীদ্বার (কুমিল্লা) সার্ভিস সেলের অফিস ইনচার্জ আবুল কাশেম মোল্লা বলেন, বকেয়া বীমা দাবি দীর্ঘদিন ঝুলে থাকায় মাঠপর্যায়ের কর্মীরা চরম সংকটে পড়েছেন। তার মাধ্যমে করা প্রায় ২৫০টি পলিসির বিপরীতে প্রায় এক কোটি টাকা এখনো পরিশোধ হয়নি বলে জানান তিনি। বিষয়টির দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

সানফ্লাওয়ার লাইফের রংপুরের তারাগঞ্জের মাঠকর্মী সাবিনা ইয়াসমিন বলেন, সাত বছরে তিনি এক হাজারের বেশি গ্রাহককে বীমা করিয়েছিলেন। এর মধ্যে ২০১৬ সাল থেকে শতাধিক পলিসি পরিপক্ব (ম্যাচিউরড) হলেও গ্রাহকেরা এখনো দাবি পরিশোধ পাননি বলে অভিযোগ করেন। তার ভাষ্য, কোম্পানির পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও কার্যকর সমাধান হয়নি। গ্রাহকদের বকেয়া অর্থ দ্রুত পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

বগুড়া থেকে আসা সানফ্লাওয়ার লাইফের আরেক নারী মাঠকর্মী মীম আক্তার বলেন, ২০১২ সাল থেকে কোম্পানিতে কর্মরত থাকলেও তার মাধ্যমে বীমা করা প্রায় ২,৭০০ গ্রাহকের সাড়ে ৩ কোটি টাকার দাবি এখনো পরিশোধ হয়নি। দীর্ঘদিন ধরে মৃত্যু দাবি ও পরিপক্ব (ম্যাচিউরড) পলিসির অর্থ আটকে থাকায় তিনি ও তার পরিবার স্বাভাবিক জীবনযাপন করতে পারছেন না বলে দাবি করেন। তিনি বলেন, গ্রাহকদের বকেয়া অর্থ পরিশোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া এখন সময়ের দাবি।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।