অপরিশোধিত বীমা দাবি দেয়া হবে ১৪ সেপ্টেম্বর

দ্বিতীয় দফায় ৫৮৬৮ গ্রাহক পাচ্ছেন ২৩ কোটি টাকা: আইডিআরএ

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

সংবাদ বিজ্ঞপ্তি: দীর্ঘদিন ধরে আটকে থাকা বীমা দাবি পরিশোধে দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীকে ২৩ কোটি টাকা দেয়া হবে। আগামী ১৪ সেপ্টেম্বর এ অর্থ পরিশোধ করা হবে বলে জানিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

এ দফায় পাঁচটি লাইফ বীমা কোম্পানির গ্রাহকরা বীমা দাবির অর্থ পাবেন। সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সম্পদ ও সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করা হয়েছে।

সবচেয়ে বেশি অর্থ দেয়া হবে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের। কোম্পানিটির ৩ হাজার ৬০০ পলিসিধারী পাবেন ১২ কোটি টাকা।

হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ১৪৫ জন পলিসিধারীকে দেয়া হবে ৪ কোটি ৯৮ লাখ টাকা। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫৮০ জন পাবেন ৫ কোটি টাকা।

এ ছাড়া সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ৩০০ জন পলিসিধারীকে ৫৫ লাখ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ২৪৩ জনকে ৫০ লাখ টাকা দেয়া হবে।

এর আগে ৩ সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ টাকার দাবি পরিশোধ করা হয়।

দুই দফা মিলিয়ে ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীর ৩৭ কোটি ৫৪ লাখ টাকার দাবি পরিশোধের আওতায় এসেছে।

আইডিআরএ জানিয়েছে, অপরিশোধিত বৈধ দাবি পরিশোধের এ কার্যক্রম অব্যাহত থাকবে। বাকি দাবিগুলো যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

মন্তব্য সমূহ ()

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।