‌
‌
‌
‌
‌
‌
‌
‌
‌

‌

প্রকাশিত সংবাদের বিষয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১০:৩১ পিএম

আবদুর রহমান আবির: অগ্নি বীমা ও ইন্ডাস্ট্রিয়াল অল রিস্ক (আইএআর) পলিসি ইস্যুতে নির্ধারিত ট্যারিফ রেট লঙ্ঘন এবং গ্রাহকের অজান্তে আইডিআরএ’র সার্ভারে ‘ভলান্টারি ডিডাক্টিবল’ শর্ত যুক্ত করার অভিযোগে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের প্রেক্ষিতে প্রতিবাদলিপি পাঠিয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি। তবে পাঠানো ওই প্রতিবাদলিপিতে মূল প্রতিবেদনে উঠে আসা নির্দিষ্ট পলিসি নম্বর, প্রিমিয়ামের হারের পার্থক্য এবং গ্রাহক কপির সঙ্গে সার্ভারের তথ্যের অমিল নিয়ে সুনির্দিষ্ট কোন নথিগত ব্যাখ্যা বা পাল্টা হিসাব দেয়া হয়নি।  

গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ইন্স্যুরেন্স নিউজ বিডি’তে ‘গোপনে শর্ত আরোপ, বাড়ছে গ্রাহকের ঝুঁকি: অগ্নি বীমাতেও ট্যারিফ রেট মানছে না গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স’ শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। এর জবাবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি তাদের বক্তব্যে দাবি করেছে- কোম্পানি প্রযোজ্য ট্যারিফ রেট ও সংশ্লিষ্ট নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আসছে এবং কোনো প্রকার ট্যারিফ লঙ্ঘন করেনি।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের প্রতিবাদলিপি

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি তাদের বক্তব্যে উল্লেখ করেছে, প্রিমিয়াম নির্ধারণ ও পলিসি ইস্যুর ক্ষেত্রে তারা বিধিবিধান, ট্যারিফ নির্দেশনা এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করে। ট্যারিফ লঙ্ঘন করে ব্যবসা পরিচালনার কোনো নীতি, উদ্দেশ্য বা কার্যক্রম কোম্পানির নেই বলে দাবি করা হয়েছে।  

ভলান্টারি ডিডাক্টিবল সংক্রান্ত অসঙ্গতির বিষয়ে কোম্পানি বলেছে, এ ধরনের অভিযোগ অত্যন্ত সংবেদনশীল এবং যথাযথ তথ্য, সংশ্লিষ্ট পলিসির পূর্ণাঙ্গ নথি ও প্রযোজ্য শর্তাবলির ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। কেবল আংশিক তথ্য বা বিচ্ছিন্ন নথির ভিত্তিতে কোম্পানির বিরুদ্ধে প্রতারণা কিংবা ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করার অভিযোগ উপস্থাপন করাকে ‘অনভিপ্রেত’ বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।  

এ ছাড়া নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা, তদারকি ও পরিপালন কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে কোম্পানি জানিয়েছে, প্রয়োজনীয় যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট পলিসির নথিপত্র যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনে তারা প্রস্তুত। একইসঙ্গে পূর্ণাঙ্গ তথ্য যাচাই ও কোম্পানির বক্তব্য ছাড়া অভিযোগ প্রকাশ করলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে ও বিভ্রান্তি তৈরি হতে পারে উল্লেখ করে সংবাদটির সংশোধন, স্পষ্টীকরণ এবং প্রতিবাদলিপি প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।  

প্রতিবেদকের বক্তব্য

প্রতিবেদনটি কোনো অনুমান বা বিচ্ছিন্ন ধারণার ওপর নয়, বরং সংশ্লিষ্ট পলিসিগুলোর নথিপত্র, গ্রাহককে দেয়া পলিসি সিডিউলের কপি এবং নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র সেন্ট্রাল সার্ভার (আইআইএমএস)-এ সংরক্ষিত তথ্যের তুলনামূলক পর্যালোচনার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

নির্দিষ্ট পলিসি ও ট্যারিফ ব্যবধান: অনুসন্ধানী প্রতিবেদনে তোয়া পারসোনাল প্রোটেক্টিভ ডিভাইস বাংলাদেশ লিমিটেড (পলিসি নং- জিডিআই/কেএডব্লিউ/০৭/২০২৬/আইএআর/পি/৯৩০০২৮), নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড (পলিসি নং- জিডিআই/ডিইজেড/০৩/২০২৬/আইএআর/পি/৪৮০০০৫) এবং মেইনেত্তি প্যাকেজিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেড (পলিসি নং- জিডিআই/কেএডব্লিউ/০৪/২০২৬/আইএআর/পি/৯৩০০১৬)-সহ একাধিক আইএআর পলিসির নম্বর, বীমা অংক, নির্ধারিত প্রিমিয়াম হার এবং নির্ধারিত ট্যারিফ রেটের পার্থক্য সুনির্দিষ্টভাবে তুলে ধরা হয়েছিল। প্রতিবাদলিপিতে এসব নির্দিষ্ট পলিসির বিপরীতে কোনো তথ্যগত খণ্ডন বা পাল্টা হিসাব দেয়া হয়নি।  

গ্রাহক কপি বনাম আইআইএমএস তথ্য: গ্রাহককে দেয়া পলিসি সিডিউলে ‘ভলান্টারি ডিডাক্টিবল’ শর্ত না থাকলেও আইডিআরএ’র সেন্ট্রাল সার্ভার বা আইআইএমএস-এ শর্তটি যুক্ত করার যে অভিযোগ করা হয়েছিল, সে বিষয়ে সংশ্লিষ্ট গ্রাহক প্রতিষ্ঠানের কর্মকর্তারাও শর্তটি সম্পর্কে অবগত নন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবাদলিপিতে পূর্ণাঙ্গ নথির কথা বলা হলেও গ্রাহক কপিতে শর্তটি না থাকার বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই।  

যোগাযোগের চেষ্টা ও নিয়ন্ত্রকের অবস্থান: প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, বক্তব্য জানতে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরীর সাথে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। অন্যদিকে অনিয়ম বা বিধি ভঙ্গের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন আইডিআরএ’র মুখপাত্র সাদিক আরমান।

ইন্স্যুরেন্স নিউজ বিডি বরাবরই বস্তুনিষ্ঠতা, তথ্য যাচাই ও স্বচ্ছতার ভিত্তিতে সংবাদ প্রকাশ করে আসছে। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি যদি কোনো নির্দিষ্ট পলিসির ক্ষেত্রে নথিগত বা তথ্যগত ভিন্নতা প্রমাণসহ উপস্থাপন করে, তবে তা যাচাই সাপেক্ষে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

মন্তব্য সমূহ (০)

আপনার একটি মন্তব্য লিখুন:

এখনো কোনো মন্তব্য করা হয়নি।

‌